চকরিয়ায় নিহত ৫ ভাই: সেই পিকআপ চালক গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়ায় শশ্মানে পূজা দিয়ে ফেরার পথে সড়কে নিহত পাঁচ ভাইকে চাপা দেওয়া বেপরোয়া সেই পিকআপের চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার মধ্যরাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার কথা এক বার্তায় জানিয়েছে পুলিশের এ বিশেষ ইউনিট।
র্যাবের সহকারী পরিচালক ইমরান খান জানিয়েছেন, রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুরের কোথা থেকে এবং কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে- সেসব বিষয়ে কোনো কর্মকর্তারা কিছু জানাননি।
এ বিষয়ে শনিবার বিস্তারিত জানানো হবে বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে।
গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই চার ভাই নিহত হন। পরে হাসপাতালে আরও এক ভাই মারা যান।
শ্মশানে পূজা দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় হতাহতের এ ঘটনা ঘটে।
এতে আহত একই পরিবারের আরও তিনজনের মধ্যে নিহতদের আরেক ভাই রক্তিম সুশীল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যার অবস্থাও গুরুতর।
ঘটনার পর মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাফায়েত হোসেন জানান, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংবং এলাকার সুরেশচন্দ্র দে’র ছয় ছেলেসহ পরিবারের নয় জন ভোরে স্থানীয় একটি শ্মশানে পূজা দিয়ে বাড়ি ফিরছিলেন।
রাস্তা পার হওয়ার সময় কক্সবাজার শহরের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। তাতে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অনুপম দে (৪৭), নিরুপম দে (৪৫), দীপক দে (৪০), চম্পক দে (২৫) ও স্মরণ সুশীল (৩২)।
