২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঘের শেষে লঘুচাপে বৃষ্টি

লঘুচাপের প্রভাবে মাঘের শেষে ঢাকাসহ দেশের অনেক এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুয়েকদিনের মধ্যেই তা কেটে যাবে বলে আভাস মিলেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2022, 01:08 AM

Updated : 02 Aug 2022, 02:54 PM

বৃহস্পতিবার দিনভর মেঘ ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ছিল ঢাকায়, এর মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি শীতের অনুভূতিও বাড়িয়ে তোলে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিন ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কুমিল্লা, সিলেট, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, তাড়াশ, রংপুর, দিনাজপুর, চুয়াড্গা ও কুমারখালীতে সামান্য বৃষ্টি হয়েছে।

শুক্রবার পেরিয়ে মেঘমুক্ত আকাশ দেখা যাবে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকাসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

 ফেব্রুয়ারির শুরুতে উত্তরাঞ্চলজুড়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়। ৭ ফেব্রুয়ারি তেঁতুলিয়ায় ৭.৬ ডিগ্রি সেলসিয়াসে নামে সর্বনিম্ন তাপমাত্রা। দুয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহ কেটে গেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির হানা আসে।

অবশ্য এই মৌসুমে চার দফা শৈত্যপ্রবাহ বয়ে যায়, এরমধ্যে ৩১ জানুয়ারি দেশে সর্বনিম্ন তাপমাত্রা নামে ৬ ডিগ্রি সেলসিয়াসে।

 মাঘ শেষে ফাগুনের শুরুতেও শীতের আভাস থাকছে।

 আবহাওয়াবিদ হাফিজ বলেন, “আগামীকাল থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে। রাতের তাপমাত্রা কমবে, তবে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।”

 তিনি জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর উত্তরাঞ্চলে শীতের মাত্রা বাড়তে পারে। তবে ধীরে ধীরে উন্নতি হবে পরিস্থিতি, ১৫ ফেব্রুয়ারির পর তাপমাত্রা বাড়তে থাকবে।