বর্জ্য ব্যবস্থাপনা: ইন্দোর পৌর করপোরেশনের সঙ্গে মতবিনিময়ে ডিএনসিসি
কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সেরা পদ্ধতিগুলোর অভিজ্ঞতা বিনিময়ে আলোচনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ভারতের ইন্দোর পৌর করপোরেশন।
মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে এক ওয়েবিনারে উভয় দেশের নাগরিক সেবাদাতা সংস্থা দুটির কর্মকর্তারা মতবিনিময় করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশন।
এতে বলা হয়, ভারতীয় হাই কমিশন এবং ভারত সরকারের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ ওয়েবিনার আয়োজন করে।
হাই কমিশন জানিয়েছে, ২০২১ সালে ভারত সরকারের পরিচালিত বার্ষিক পরিচ্ছন্নতা সমীক্ষায় ইন্দোর শহরকে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে স্থান দেওয়া হয়েছিল৷
”মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত শহরটি ২০১৭ সাল থেকে টানা ৫ বার এ স্থান জিতেছে বর্জ্য ব্যবস্থাপনার জন্য এর প্রশংসনীয় পদ্ধতির কারণে।”
এসব পদ্ধতির মধ্যে বর্জ্য পৃথকীকরণ, ঘরে ঘরে গিয়ে বর্জ্য সংগ্রহ, বাসিন্দাদের দ্বারা বাড়িতে কম্পোস্টিং, দিনের বর্জ্য পুনর্ব্যবহার, কেন্দ্রীয় কম্পোস্টিং সুবিধা প্রভৃতি রয়েছে।
ওয়েবিনারে ভারতের জাতীয় মিশন পরিচালক ও স্বচ্ছ ভারত মিশনের যুগ্ম-সচিব রূপা মিশ্র, ইন্দোর মিউনিসিপ্যাল করপোরেশনের অতিরিক্ত কমিশনার সন্দীপ সোনি যুক্ত ছিলেন।
কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনাকারী ইন্দোর মিউনিসিপ্যাল করপোরেশনের কর্মকর্তা এবং সেন্ট্রাল পাবলিক হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশনের প্রতিনিধিরাও ওয়েবিনারে অংশ নেন।
ডিএনসিসির প্রধান নির্বাহী অতিরিক্ত সচিব সেলিম রেজার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন সংস্থার প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরীফ-উল ইসলামসহ অন্য কর্মকর্তারা।
হাই কমিশন জানিয়েছে, ওয়েবিনারে ইন্দোর মিউনিসিপ্যালের কর্মকর্তারা তাদের বর্জ্য সংগ্রহের পদ্ধতি, উদ্ভাবনী অনুশীলন এবং দক্ষ বর্জ্য ব্যবস্থাপনার জন্য তাদের ব্যবহার করা প্রযুক্তি নিয়ে কথা বলেছেন।
”ইন্দোরের মিউনিসিপ্যাল করপোরেশন শতভাগ ঘরে গিয়ে বিচ্ছিন্ন বর্জ্য সংগ্রহ ব্যবস্থা, ক্লিনারদের জন্য বায়োমেট্রিক উপস্থিতির ব্যবস্থা, জিপিএস-ট্র্যাক করা যায় এমন বর্জ্য সংগ্রহের যানবাহন ইত্যাদির বিশদ বিবরণ দিয়েছে।”
অন্যদিকে, ডিএনসিসি কর্মকর্তারা এ বিষয়ে তাদের সবচেয়ে ভালো পদক্ষেপগুলো এবং কীভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য পৌর পরিষেবার ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়া যায় সে সম্পর্কে আলোচনা করেন।
