সনির ফটোগ্রাফি পুরস্কার জিতলেন বাংলাদেশের আরিফুজ্জামান
সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের এবারের আসরে ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড’ জিতেছেন বাংলাদেশের আলোকচিত্রী কাজী আরিফুজ্জামান।
‘ওয়ার্ক টুগেদার’ শিরোনামের একটি ছবির জন্য আরিফ মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেয়েছেন; ব্রাহ্মণবাড়িয়ার একটি ইট ভাটায় নারী ও পুরুষের একসঙ্গে কাজ করার দৃশ্য ধারণ করেছে ছবিটি।
ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশন এবং ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান সনির যৌথ আয়োজনে প্রতিবছর হয় এ আলোকচিত্র প্রতিযোগিতা। এবারের আসরে বিশ্বের ২১১টি দেশ ও অঞ্চলের তিন লাখ ৪০ হাজার ছবি জমা পড়ে।
৬১টি দেশের এক লাখ ৭০ হাজারের বেশি আলোকচিত্রী উম্মুক্ত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, যাদের মধ্য থেকে ৬১ জনকে দেওয়া হয়েছে ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড’ ।
কাজী আরিফুজ্জামান। ছবি: অনিক দাস
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বিবিএ ও এমবিএ করা কাজী আরিফুজ্জামান এখন ব্রাহ্মণবাড়িয়া ল কলেজে আইন পড়ছেন, পাশাপাশি নিয়মিত চলছে ছবি তোলা। পরিচিত অনেকে তাকে চেনে রোজেল কাজী নামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এই পুরস্কারটা পেয়ে আমার একটা স্বপ্ন পূরণ হল, এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না। আমার এত দিনের পরিশ্রম ধীরে ধীরে সফলতার মুখ দেখছে।”
