উত্তরাঞ্চলজুড়ে শৈত্যপ্রবাহ
মাঘের শেষ সময়ে এসে দেশে উত্তরাঞ্চলজুড়ে জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে। ধীরে ধীরে তা কেটে যাওয়ার পর হালকা বৃষ্টির আভাস রয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম সোমবার জানান, রংপুর বিভাগের পাশাপাশি রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের উপর দিয়েও বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরী হাওয়ায় দেশের সবখানেই এখন শীতের অনুভূতি বেশি। এদিন দেশের সব স্থানেই সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল।
আবহাওয়াবিদ শাহীনুল জানান, মৃদু শৈত্যপ্রবাহ থেকে আর তীব্র হবে না। দুয়েকদিনের মধ্যে তাপমাত্রাও বাড়বে।
শৈত্যপ্রবাহ কেটে গেলে ১০ ফেব্রুয়ারির দিকে কিছু কিছু এলাকায় বৃষ্টিও হতে পারে বলে আভাস দেন তিনি।
“বৃহস্পতিবারের পরে তাপমাত্রা কয়েকদিন বাড়তি থাকবে। মাঘ শেষ হলেও এ বৃষ্টির পর আবার শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।”
গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মৌসুমের প্রথম দফা শৈত্যপ্রবাহ বয়ে যায়। এখন চলছে চলতি মৌসুমের চতুর্থ শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের পর তাপমাত্রা বাড়লেও পশ্চিমা লঘুচাপের প্রভাবে হানা দেয় বৃষ্টি। এরপর শুক্রবার থেকে বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বইছে।
এই মৌসুমে ৩১ জানুয়ারি দেশে সর্বনিম্ন তাপমাত্রা নামে ৬ ডিগ্রি সেলসিয়াসে।
মাঘ শেষে ফাগুনের শুরুতেও শীতের আভাস থাকছে। ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মাসের শেষদিকে দেশের কোথাও কোথাও দুয়েক দিন শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
