কার্যকর করারোপের ‘অভাবেই’ দেশে সিগারেট সস্তা
তামাকপণ্যে কর ও দাম বাড়ানো ঠেকাতে প্রতিবছর বাজেটের আগে বিভিন্ন কূটকৌশল অবলম্বন করা হয়ে থাকে অভিযোগ তুলে এক ওয়েবিনারে বক্তারা বলেছেন, কার্যকর করারোপের অভাবে বাংলাদেশে সিগারেট এখনও সস্তা।
শনিবার প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) আয়োজিত এ ওয়েবিনারে বক্তারা বলেন, “বাংলাদেশে ‘সিগারেটে কর অনেক বেশি, কর বাড়ালে চোরাচালান বাড়বে এবং সরকার রাজস্ব হারাবে, বিড়ির ওপর কর বাড়ানো হলে লাখ লাখ শ্রমিক বেকার হবেন, সবচেয়ে বেশি কর দেয় তামাক কোম্পানি’ বাজেটের আগে এ ধরনের বক্তব্য দিয়ে তামাক কোম্পানিগুলো প্রভাব খাটানোর চেষ্টা করে।”
প্রজ্ঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েবিনারে অংশ নেওয়া তামাকবিরোধী সংগঠনগুলোর নেতারা মনে করেন তামাক কোম্পানিগুলো নীতিনির্ধারকদের বিভ্রান্ত করতেই কর ও মূল্য বাড়ানোর বিপক্ষে এধরনের নানা যুক্ত দেখায়, যা সত্য নয়।
বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক কোম্পনির হস্তক্ষেপমুক্ত থেকে আগামী বাজেটে তামাকের ওপর কর ও মূল্য বাড়ানোর দাবি জানান।
ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস- সিটিএফকের সহযোগিতায় আয়োজিত ‘তামাক কর ও মূল্য পদক্ষেপ: কোম্পানির কূটকৌশল ও আমাদের করণীয়’ শীর্ষক ওয়েবিনারে প্রজ্ঞার পক্ষ থেকে মূল বক্তব্য তুলে ধরেন তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রকল্প প্রধান হাসান শাহরিয়ার।
তিনি বলেন, “কর-প্রণেতাদের প্রভাবিত করতে সংসদ সদস্যদের মাধ্যমে ডিও লেটার প্রদান, সুবিধাভোগীদের দিয়ে পত্রিকায় কলাম প্রকাশ, মিডিয়া ক্যাম্পেইন, বিড়ি শ্রমিকদের ব্যবহার করে দেশব্যাপী তথাকথিত আন্দোলন, বিদেশি কূটনীতিকদের দিয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো এবং বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে বৈঠক প্রভৃতি কার্যক্রম করে থাকে তামাক কোম্পানিগুলো।”
তামাক ব্যবহারের কারণে বাংলাদেশে প্রতিবছর এক লাখ ৬১ হাজার মানুষ প্রাণ হারায় এবং পঙ্গুত্ব বরণ করে আরও কয়েক লাখ মানুষ বলে ওয়েবিনারে তুলে ধরা হয়।
বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২১ সালের তথ্যমতে, সবচেয়ে কমদামে সিগারেট প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১৬৫টি দেশের মধ্যে ১০৭তম। পার্শ্ববর্তী দেশ ভারতে সবচেয়ে কমদামি সিগারেটের মূল্য বাংলাদেশের কমদামি সিগারেটের চেয়ে দ্বিগুণেরও বেশি।
“কার্যকর করারোপের অভাবেই বাংলাদেশে সিগারেট সস্তা থেকে যাচ্ছে।”
সিগারেটের রাজস্ব ফাঁকি তথা অবৈধ বাণিজ্য নিয়ে যে প্রচারণা চালানো হয় তা নীতিনির্ধারকদের বিভ্রান্ত করার প্রচেষ্টা মাত্র, যোগ করেন তারা।
বিভিন্ন সময় বিড়ি কারখানার মালিকরা তাদের ২০ থেকে ৩০ লাখ শ্রমিক রয়েছে বলে যে দাবি তুলে আসছে উল্লেখ করে বক্তারা বলেন, এটা একটা কাল্পনিক তথ্য।
“জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর’র তথ্য অনুযায়ী বাংলাদেশের বিড়ি শিল্পে কর্মরত নিয়মিত, অনিয়মিত এবং চুক্তিভিক্তিক মিলিয়ে পূর্ণসময় কাজ করার সমতুল্য শ্রমিক সংখ্যা ৪৬ হাজার ৯১৬ জন।”
ওয়েবিনারে বক্তব্য রাখেন সিটিএফকের বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, ভাইটাল স্ট্রাটেজিসের কান্ট্রি অ্যাডভাইজার মো. শফিকুল ইসলাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, দি ফাইনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা, ঢাকা আহছানিয়া মিশনের হেলথ ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।
