জঙ্গিবাদ রোধে আরও গ্রন্থাগার প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
হানাহানি ও জঙ্গিবাদ থেকে তরুণদের দূরে রাখতে দেশে আরও গ্রন্থাগার প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেছেন, গ্রন্থাগার যত সমৃদ্ধ হবে, দেশ তত এগিয়ে যাবে। জঙ্গিবাদ, হানাহানি থেকে তরুণদের দূরে রাখতে গ্রন্থাগার কার্যকর ভূমিকা পালন করতে পারে।
শনিবার সকালে ঢাকার শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার চত্বরে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপনের অনুষ্ঠান উদ্বোধন করে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য আমাদের প্রয়োজন জ্ঞান সমৃদ্ধ মানুষ। আর সেক্ষেত্রে গ্রন্থাগারই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে।
তরুণ প্রজন্মকে গ্রন্থাগারমুখী করতে উপজেলা পর্যায়ে সমৃদ্ধ গ্রন্থাগার গড়ে তোলার উপর জোর দেন তিনি।
তরুণ প্রজন্মকে ফেইসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘খারাপ প্রভাব’ কাটিয়ে বইমুখী করার জন্য সময়োপযোগী কার্যক্রম গ্রহণ জরুরি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এবারের গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য, ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’।
শনিবার কেন্দ্রীয়ভাবে বেলুন উড়িয়ে এই দিবসের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর শওকত ওসমান মিলনায়তনে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।
মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আবু বকর সিদ্দিক।
আলোচনায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দেশের লাইব্রেরিগুলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারকে ৫৬০ কোটি টাকা ব্যয়ে আধুনিক করা হচ্ছে।
আরেফিন সিদ্দিক বলেন, ব্রিটিশ কাউন্সিল, বিল গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় দেশজুড়ে বই পাঠের উপযোগী পরিবেশ গড়ে তুলতে কার্যক্রম চলছে। এখনকার তরুণরা পড়াশোনা করে, গ্রন্থাগারও ব্যবহার করে। কিন্তু এসব পড়াশোনার প্রধান লক্ষ্য চাকরি পাওয়া। লাইব্রেরিকে বিশ্বের জ্ঞানের আঁধার হিসেবে ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে না। এ বাধা কাটাতে সচেষ্ট হতে হবে।
তরুণ প্রজন্মের সামনে ডিজিটাল বই আকারে হলেও সবাইকে বই তুলে দিতে হবে। একই সঙ্গে লাইব্রেরিমুখী করে তুলতে হবে, বলেন তিনি।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রিমি বলেন, আগে স্কুলের লাইব্রেরিগুলো গতিশীল ছিল। এখন তা বন্ধই থাকে। দেশের স্কুল লাইব্রেরিগুলো যাতে গতিশীল হয়ে ওঠে সে বিষয়ে সরকার নতুন করে কাজ শুরু করেছে।
১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তাই মন্ত্রিসভা বৈঠকে এ দিনটিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসাবে পালানের সিদ্ধান্ত হয় ২০১৭ সালের ৩০ অক্টোবর।
