২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসমান মানুষ পাবেন জনসন, মাদ্রাসা শিক্ষার্থীরা ফাইজারের টিকা

এবার দেশের কওমি মাদ্রাসার প্রায় ৩০ লাখ শিক্ষার্থী এবং ভাসমান মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2022, 06:41 PM

Updated : 28 Apr 2022, 11:36 PM

রোববার থেকে শুরু এ টিকাদান কার্যক্রমে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ফাইজার এবং ঢাকা ও ঢাকার বাইরের ভাসমান মানুষকে জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা টিকা পেলেও মাদ্রাসা শিক্ষার্থীরা টিকাদান কার্যক্রমের বাইরে ছিল।

গত বছরের ১ নভেম্বর দেশে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ শাখার পরিচালক এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোরে ডটকমকে বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা ফাইজার-বায়োএনটেকের টিকা পাবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আমাদের তালিকা দেওয়া হবে। কেন্দ্রও তারা ঠিক করে দিযেছেন।

“ফাইজার টিকা দেওয়ার মতো টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। তারা তালিকা দেবে সেই তালিকা অনুযায়ী আমরা কাজ করবো।”

অপরদিকে ঢাকা এবং ঢাকার বাইরে প্রায় ছয় লাখ ভাসমান মানুষকে জনসনের টিকা দেওয়া হবে। এরমধ্যে ঢাকায় দুই লাখ ৮৫ হাজার ভাসমান মানুষ, বাকিরা ঢাকার বাইরের বলে তিনি জানান।

গত রোববার ঢাকায় এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভাসমান মানুষকে মডার্নার টিকা দেওয়ার কথা জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বৃহস্পতিবার পর্যন্ত দেশে নয় কোটি ৮৬ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ছয় কোটি ৩৯ লাখ ১৩ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাসের তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১৮ লাখ ৯৬ হাজারের বেশি মানুষকে।

এর বাইরে এক কোটি ৪১ লাখ ২৬ হাজার শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৫ লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী।