২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামিন-খালাস’ করিয়ে দেওয়ার নামে টাকা নিতেন তিনি

আদালতে আসামির জামিন-খালাসসহ যাবতীয় কাজ ‘করিয়ে দেওয়া’ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2022, 05:49 PM

Updated : 25 Oct 2022, 10:12 AM

বুধবার দুপুরে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি জানিয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ সমম্মেলনে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসেন বলেন, রাশেদুল ইসলাম নামের ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি নিজেকে সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনের বেঞ্চ অফিসার পরিচয় দিতেন।

“বেঞ্চ অফিসার হিসাবে নিজের ভিজিটিং কার্ড ছাপিয়ে যাত্রাবাড়ীতে অফিস ভাড়া করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন।”

ইমাম জানান, রাশেদুল কখনও নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কখনও খুলনা ল কলেজের সাবেক ভিপি পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটাতেন।

“বেঞ্চ অফিসার হিসাবে সরকারি উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে তার ‘হাত’ রয়েছে দাবি করতেন। আসামিদের জামিন খালাসসহ কোর্টের যাবতীয় কাজে পারদর্শী হিসাবে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।”

এ ছাড়া মিথ্যা আশ্বাসে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামেও রাশেদুল প্রতারণা করতেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি বলেন, বন্দুকের লাইসেন্স করিয়ে দেওয়া ও পাওনাদারের টাকা উদ্ধারসহ নানা কাজ করে দেওয়ার কথা বলে কমিশন হিসাবে টাকা নিতেন রাশেদুল।

এভাবে আটজন ভুক্তভোগীর কাছ থেকে ৩৫ লাখ টাকা তিনি ‘হাতিয়ে নিয়েছেন’ জানিয়ে উপ মহাপরিদর্শক ইমাম বলেন, “বাকপটু রাশেদুল উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে সুসম্পর্ক রয়েছে দাবি করে মানুষের মনে বিশ্বাস তৈরি করে প্রতারণা করে আসছিলেন।”

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারের পর রাশেদুলের মোবাইলে ভুয়া কর্মকর্তা পরিচয়ে কথপোকথনের অনেক অডিও বার্তাও পাওয়া গেছে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ে করা হয়েছে।