২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় প্রথম ডোজে সিনোভ্যাক, বুস্টার মডার্না ও অ্যাস্ট্রাজেনেকায়

ঢাকার দুই সিটিতে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ হিসাবে সিনোভ্যাক এবং বুস্টার ডোজ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2022, 09:14 PM

Updated : 25 Oct 2022, 10:12 AM

মঙ্গলবার এমএনসিঅ্যান্ডএএইচ শাখার পরিচালক কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সংশ্লিষ্ট সকলকে এই চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর মধ্যে রয়েছে- সকল মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও ইনস্টিটিউট এবং সরকারি হাসপাতাল, দুই সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকার সিভিল সার্জন।

নির্দেশনায় বলা হয়, “প্রথম ডোজ হিসেবে সিনোভ্যাক এবং বুস্টার ডোজ হিসেবে মডার্না অথবা অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রদান নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হল।”

এ বিষয়ে বিস্তারিত জানতে বিডিনিউজ টোয়েন্টিফোরের পক্ষ থেকে ডা. শামসুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের ৩১ জানুয়ারির তথ্যে দেখা গেছে, দুই সিটি করপোরেশনের ৪৯টি টিকাদান কেন্দ্রে এদিন প্রথম ডোজ হিসেবে তিন ধরনের টিকা দেওয়া হয়েছে।

এরমধ্যে মধ্যে ছয়টিতে প্রথম ডোজ হিসেবে দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। এছাড়া পাঁচটি কেন্দ্রে ফাইজার, ৩৯টি কেন্দ্রে মডার্নার টিকা দেওয়া হয়।

সোমবার পর্যন্ত ঢাকায় প্রথম ডোজ হিসাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১৯ লাখ ৫৩ হাজার ৮৮৭ ডোজ, ১২ লাখ ১১ হাজার ৯৮০ দ্বিতীয় ডোজ এবং ৫২ হাজার ২৫২ বুস্টার ডোজ দেওয়া হয়।

প্রথম ডোজ হিসাবে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হয়েছে ২০ লাখ দুই হাজার ৩৮৯ ডোজ, ১৪ লাখ ৭২ হাজার ৮২৭ দ্বিতীয় ডোজ এবং এক লাখ ছয় হাজার ৬৪৪ তৃতীয় ডোজ।

সিনোফার্মের টিকার মধ্যে ১৫ লাখ ২০ হাজার ৯৩৩ প্রথম ডোজ এবং ১৪ লাখ ৫৭ হাজার ২৯৭ দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হয়েছে। বুস্টার ডোজ এখনও দেওয়া হয়নি।

মডার্নার টিকার ১৫ লাখ ৮১ হাজার ৭২৯ প্রথম ডোজ, ১১ লাখ ৪৮ হাজার ৩৮১ দ্বিতীয় ডোজ এবং এক লাখ ৭৯ হাজার ৮৭৩ বুস্টার ডোজ হিসেবে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, ঢাকায় সবমিলিয়ে ৭০ লাখ ৫৮ হাজার ৯৩৮ প্রথম ডোজ, ৫২ লাখ ৯০ হাজার ৪৮৫ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। বুস্টার ডোজ দেওয়া হয়েছে তিন লাখ ৩৮ হাজার ৭৬৯ ডোজ।

ঢাকায় চলমান টিকাদান কার্যক্রমে এখনও পর্যন্ত সিনোভ্যাকের করোনাভাইরাসের টিকা দেওয়া হয়নি।

গত বছর জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পায় চীনা কোম্পানি সিনোভ্যাকের তৈরি টিকা। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ব্যবহার্য টিকার তালিকায় যুক্ত হয় এই টিকা।

আরও পড়ুন

কোভিড টিকার বুস্টার ডোজে ফাইজারের বদলে মডার্না  

কোভিড: সিনোভ্যাকের টিকাও অনুমোদন পেল বাংলাদেশে