২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঘের শীতে কাবু খাঁচাবন্দিরাও

কয়েকটি জেলায় বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহে জেঁকে বসেছে শীত; ফলে মানুষের পাশাপাশি মাঘের এ শীতে যেন আক্ষরিক অর্থেই ‘বাঘও কাঁপছে’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2022, 12:50 AM

Updated : 25 Oct 2022, 10:12 AM

চলতি মৌসুমের চতুর্থ এ শৈত্যপ্রবাহে জবুথবু উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ। এর আঁচ লেগেছে রাজধানীতেও। এতে অনেকের মতো চিড়িয়াখানার প্রাণীরাও যেন ঠাণ্ডায় ঝিম মেরে গেছে।

শীতে লোম ফুলিয়ে জবুথুবু হয়ে আছে প্রাণীগুলো। কিছু প্রাণী চুপচাপ বসে রোদ পোহাচ্ছে। আর সাপ ও কুমিরের মতো কিছু প্রাণী শীত বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের আড়ালে নিয়ে গেছে।

শনিবার মিরপুরে জাতীয় চিড়িয়াখানা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

খাঁচাবন্দি কিংবা ঘেরাটোপের মধ্যে থাকা পশুপাখিরা শীত কাটাতে নিজেরাই যেমন রোদমুখী হচ্ছে দিনের বেলা, তেমনি রাতে শীত নিবারণে শেডগুলোতে হিটার বসিয়ে উষ্ণতা বাড়ানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ।

এমন প্রেক্ষাপটে আগের মতো চঞ্চলতা না থাকায় কোভিড মহামারীর বিধিনিষেধের মধ্যেও চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের বিনোদনে কিছুটা ভাটা পড়েছে।

চিড়িয়াখানায় আসা দর্শনার্থী পুরান ঢাকার বাসিন্দা নাদিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীতের তীব্রতায় প্রাণীগুলোকে তেমন ‘সচল’ মনে হচ্ছে না। ময়ূর ও সিংহ ঝিমাচ্ছে।

আরেক দর্শনার্থী মিরপুরের বাসিন্দা মোর্শেদ শরীফ বলেন, “গরমের সময় বাইরে থাকে প্রাণীগুলো। তারা দৌড়ে বেড়ায়। এখন শীতের কারণে সব প্রাণী আড়ালে আছে। ভালোভাবে দেখা যাচ্ছে না। আগের মতো মজা পাচ্ছি না।”

শনিবার আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশের সর্বনিম্ম ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফেনী, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলায় এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

ঢাকায় শনিবারের সর্বনিম্ম তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

শৈত্যপ্রবাহের ফলে তাপমাত্রা কমে শীত বেড়ে যাওয়ায় চিড়িয়াখানার জলচর প্রাণীগুলোকেও দিনের অনেকটা সময় রোদ পোহাতে দেখা যায়।

দর্শনার্থী মিরপুরের বাসিন্দা মোহাম্মদ সেলিম বলেন, “বেশি একটা সুবিধা হচ্ছে না। প্রাণীগুলো আগের মতো চলাফেরা করছে না। বাঘকেই একটু গর্জন করতে দেখলাম। আর কোনো প্রাণীই সচল না।”

এদিকে প্রাণীদের শীত নিবারণের জন্য পাখির খাঁচাগুলোতে চটের আচ্ছাদন দিয়েছে কর্তৃপক্ষ।

চিড়িয়াখানার পরিচালক আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীতের পশুপাখির জন্য খাঁচায় চট, খড় ও হিটার ব্যবহার করা হচ্ছে।

“শীতকালে কিছু প্রাণী আছে যেগুলো ‘হাইবারনেশনে’ যায়। এর মধ্যে সাপ ও কুমির রয়েছে। তাদের খাদ্যের চাহিদা কমে গেছে। আগামী তিন মাস তারা খাবে না।”

তিনি বলেন, “শীতে কষ্ট পায় এমন প্রাণীদের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। সম্ভব অনুযায়ী বিভিন্ন শেডের ভেতরে আমরা হিটার জ্বালিয়ে তাপমাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করছি।”