‘গুম’ হওয়া ব্যক্তিদের বাড়ি গিয়ে ‘পুলিশি হয়রানির’ অভিযোগ
বিভিন্ন সময়ে নিখোঁজ হয়ে আর না ফেরা বা ‘গুম হওয়া’ ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ‘পুলিশি হয়রানির’ অভিযোগ করেছে কয়েকটি পরিবার।
‘গুম’ হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে শনিবার এ অভিযোগ তুলে ধরেন তারা।
বিষয়টি নিয়ে দুদিন আগে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে ঢাকা মহানগর পুলিশ শুক্রবার বিবৃতি দিয়ে তার প্রতিবাদ জানিয়েছিল। ওই প্রতিবেদনকে ‘অতিরঞ্জিত এবং বিকৃত সংবাদ’ আখ্যায়িত করা হয়েছিল সেখানে।
সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি মাহবুব হাসান সুজনকে ২০১৩ সালের ৭ ডিসেম্বর তুলে নিয়ে যাওয়ার পর তার আর খোঁজ মেলেনি বলে তার পরিবারের অভিযোগ।
সুজনের ভাই জাহিদ খান শাকিল শনিবার মায়ের ডাক অনুষ্ঠানে বলেন, গত ১০ জানুয়ারি পুলিশ তাদের বাসায় গিয়ে ‘দায়সারা একটি জবানবন্দিতে’ স্বাক্ষর করার জন্য চাপাচাপি করে। তার বাবার সঙ্গে পরিবারের সবার সামনে ‘রূঢ় আচরণ’ করেছে।
একই বছর ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তিতুমীর কলেজের ফাইন্যান্স বিভাগের ছাত্র আবদুল কাদের মাসুমকে আইনশৃঙ্খলা বাহিনী ‘ধরে নিয়ে’ যাওয়ার পর তারও আর খোঁজ মেলেনি।
মাসুমের বোন আয়েশা আক্তার বলছেন, গত ৫ থেকে ১৩ জানুয়ারির মধ্যে পুলিশ তিনবার তার বাড়িতে গেছে।
কাঠ ব্যবসায়ী ইসমাঈল হোসেন ২০১৯ সালের ১৯ জুন দোকান থেকে খাবার খেতে বেরিয়ে আর ফেরেননি। তিনিও ‘আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের শিকার’ বলে পরিবারের বিশ্বাস।
সংবাদ সম্মেলনে ইসমাঈলের স্ত্রী নাসিমা আক্তার তার দূর্বিষহ জীবনের কথা তুলে ধরতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন।
নাসিমা বলেন, “প্রধানমন্ত্রী, র্যাব, পুলিশ হেডকোয়ার্টার, মানবাধিকার… তিনটা বছর আমি সবার দ্বারে দ্বারে ঘুরছি। … কীসের পুলিশ, আমি থানায় গেছি, পুলিশ আমাকে বের করে দিয়েছে। তিন বছর পর পুলিশ আইসা জিজ্ঞেস করে, আমার স্বামী গুম হয়েছে, নাকি কোথাও চলে গেছে? হাস্যকর এগুলো।
“আমাদের কষ্ট লাগে, ঘেন্না লাগে এখন প্রশাসনের ওপরে আইনের ওপরে… আমার মনে হয় এখনি মরে যাই, আমি বাঁচত চাই না।”
বলতে বলতেই আবার কান্নায় ভেঙে পড়েন নাসিমা। পেছন থেকে আরেকজন তার কাঁধে হাত দিয়ে সামলান।
সামলে নিয়ে নাসিমা বলেন, “আমার স্বামীর সন্ধান আমি এখনো পাই নাই। আমরা যখন গুম দিবস পালন করি, পরের দিন নিউজে দেখি… মন্ত্রীরা আরামে বসে থেকে হেলেদুলে মন্তব্য দিচ্ছেন ‘আরে না আমাদের দেশে গুম হয় না। উনারা ঋণের দায়ে চেলে গেছে, গুম হয়ে চলে গেছে।’
“লজ্জায়, ঘেন্নায় মনে হয় না আর এই সমাজে শ্বাস নিই। আমাদেরকে এখনি মেরে ফেলেন। আমরা তো প্রতি মিনিট, প্রতি মুহূর্ত মরে যাচ্ছি। জীবনতো নাই, আমাদের সুখ নাই, আমাদের হাসি নাই। আমার সন্তান কখনো হাসে না। আমার মেয়েটা কখনো হাসে না।”
তিনি বলেন, “…প্রতিটা গুম হওয়া পরিবারের কষ্ট আমি কাছ থেকে দেখেছি। কীসের পুলিশ। পুলিশ আমাদের বের করে দিয়েছে। পুলিশ বলে র্যাবের কাছে যান, র্যাব বলে পুলিশের কাছে যান, হেডকোয়ার্টার বলে…।”
তিতুমীরের ছাত্র মাসুমের বোন আয়েশা বলেন, এ মাসের শুরু থেকে তিনবার পুলিশ তার বাসায় গিয়ে তিন রকম কথা বলেছে।
“ছবি দেন, হিস্ট্রি দেন, এটা বলে-ওটা বলে। কেন এরকম হয়রানি করছেন? মাসুম গুম হওয়ার পরে তো প্রশাসনের সব দরজায় আমরা গেছি। তখন তো তারা আমাদের কাউন্টই করেন নাই। আজকে কোন উদ্দেশ্যে এরকম করছেন? আমাদের সন্তান খুঁজে বের করার দায়িত্ব ছিল আপনাদের, হয়রানি করা নয়। আপনারাও তো মানুষ।”
আয়েশার অনুরোধ, “আমরা বারবার একই কথা আপনাদের কাছে আব্দার, অনুরোধ করি। বছরের পর বছর, মাসের পর মাস। কেন এই কষ্ট করব, কী অপরাধ। প্লিজ আর এই হয়রানি করবেন না।”
বংশাল থানা ছাত্রদলের নিখোঁজ সভাপতি পারভেজ হোসেনের স্ত্রী ফারজানা আক্তার বলেন, “পুলিশ বাসায় গিয়ে আমার শ্বাশুড়ীর কাছে জানতে চেয়েছে তার ছেলে কোথায়। তারপর আমারে ফোন করে বলে ‘আপনার হাজবেন্ড কই’।”
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ‘তুলে নিয়ে যাওয়া’ মাহাবুব হাসান সুজনের পরিবার থাকে ঢাকার সবুজবাগ এলাকায়।
তার ভাই জাহিদ খান শাকিল সংবাদ সম্মেলনে বলেন, “১০ জানুয়ারি বিকেলে পুলিশ এসে আমাকে বলে আপনার ভাইয়ের গুম হওয়ার জিডি আর অন্যান্য কাগজ নিয়ে থানায় আসবেন। থানায় যাওয়ার পর আমাকে পুলিশ বলল, আপনার বাবা যেহেতু জিডি করেছেন তারই স্বাক্ষর লাগবে।
“একজন কর্মকর্তাসহ রাত সাড়ে ১০টার দিকে আমি আবার বাসায় এলাম। আমার সত্তরোর্ধ্ব বাবা শুয়ে পড়েছিলেন। তাকে ওঠানোর পর পুলিশের লেখা সেই জবানবন্দি পড়তে দিলাম। সেটা ছিল অনেকটা দায়সারা গোছের। আব্বা সেটার সঙ্গে একমত নন, তিনি কাগজ-কলম নিয়ে নিজেই লেখার জন্য প্রস্তুত হলেন।
“কিন্তু সঙ্গে থাকা পুলিশের কর্মকর্তাটি সেই জবানবন্দিতেই স্বাক্ষর করার জন্য জোরাজুরি করতে থাকেন। তখন পুলিশের সেই কর্মকর্তাটি থানায় ফোন দিয়ে লাউডস্পিকারে কথা বলিয়ে দেন। ওপারের কর্মকর্তা ফোনে খুবই রূঢ় আচরণ করেন। আমার মা, আমার বাচ্চারা, ভাইয়ের বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়ে।
“এর ১৫-২০ মিনিট পরে আরও ৭-৮ জন পুলিশ বাসায় চলে আসে। আমার আম্মা হাউমাউ করে কানতেছে। এতো রাতে বয়স্ক মানুষটাকে থানায় নিয়ে যেতে চায় পুলিশ। আমি তাদের অনুরোধ করলাম তিনি অনেক ভোরে ওঠেন ঘুম থেকে, আমি সকালেই তাকে নিয়ে থানায় যাবো। কিন্তু তাদের তখুনি জবানবন্দি লাগবে।”
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের কয়েকজন কর্মীও ক্যামেরাসহ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে। উদ্যোক্তারা তাদের স্বাগত জানিয়ে, সংবাদ সম্মেলনে প্রশ্ন করার সুযোগ দেন।
নিখোঁজ যুবদল নেতা সাজেদুল ইসলাম সুমনের বড় বোন, মায়ের ডাকের সমন্বয়ক আফরোজা ইসলাম বলেন, “আমরা আমাদের স্বার্থেই পুলিশকে সহযোগিতা করব। কিন্তু আপনারা এই যে হাফ উইডোদের (প্রায় বিধবা) কখনো দিনে কখনো রাতে ডেকে নিয়ে যাচ্ছেন। দুই ঘণ্টা আটকে রেখেছেন। তারা ভীতির মধ্যে আছেন। যা করতে হয়, মানবিকতার সঙ্গে করেন।
“… আমরা একটা নিরপেক্ষ, বিচার বিভাগীয় তদন্ত চাই। আমরা চাই জাতিসংঘের তদন্ত কমিটিকে বাংলাদেশে আসতে দেওয়া হোক। এটার একটা সুষ্ঠু তদন্ত হোক।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন, “যারা গুমের বিচার চায়, তাদের হয়রানি করতে নেমেছে। এইসব হয়রানি করে লাভ নেই। আপনারা যদি সত্যিই বিচার করতে চান, তাহলে সেই সময় আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর যে কর্মকর্তারা এতে যুক্ত ছিলেন, তাদের আইনের আওতায় আনুন।”
ভুক্তভোগী পরিবারগুলোর উদ্দেশে তিনি বলেন, “আমি বলতে চাই, যারা আপনাদের হুমকি দিচ্ছেন, সেই কর্মকর্তাদের নাম দিয়ে আপনারা একটা তথ্য ভাণ্ডার গড়েন। যাতে ভবিষ্যতে এদের প্রত্যেকের বিচার করা যায়।”
আইন ও সালিশ কেন্দ্রের মহাসচিব নূর খান বলেন, “পরিবারগুলোর সদস্যরা, প্রত্যক্ষদর্শীরা খুবই স্পষ্টভাবে বলেছে, এরা গুম হয়েছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর দ্বারা। যারা তাদের জোর করে ধরে নিয়ে গিয়েছে। আজ পর্যন্ত তারা ফেরৎ আসেনি।
“দুই-একজন যারা ফেরত এসেছেন, তারা খুবই রোমহর্ষক বর্ণনা দিয়েছেন। এসব নিয়ে যখন জাতিসংঘ বা অন্যান্য জায়গাগুলো থেকে প্রশ্ন উঠছে, তখন আমরা দেখছি এই অপরাধকে ঢাকার জন্য আরও ১০টা অপরাধ ঘটানো হচ্ছে। অর্থাৎ আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী তাদের নিজেদের বক্তব্যে পরিবারগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছে।”
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “সাপ বিপদে পড়লে কামড় দেয়। পুলিশ বিপদে পড়েছে বলেই আপনার বাড়িতে যাচ্ছে। আপনাদের গ্রেপ্তার করতে নয়, একটা কাগজে সই করিয়ে নিতে। যেটা ওদের রক্ষাকবচ হতে পারে। … এরা বিচার থেকে মুক্তি পাবে না। যারা ১০ কোটি মানুষের ভোট এক রাতে হাইজ্যাক করেছে তাদের বিচার হবেই।”
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম লালা এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানও সংবাদ সম্মেলনে সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন।
পুলিশের বিবৃতি
মাহবুব হাসান সুজনের পরিবার ‘পুলিশি হয়রানির’ অভিযোগ আনার পর দুদিন আগে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তার প্রতিবাদ জানিয়ে শুক্রবার ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়।
সেখানে বলা হয়, “প্রতিবেদনে অতিরঞ্জিত এবং বিকৃত সংবাদ প্রকাশ করা হয়েছে, যাতে উদ্দেশ্যমূলকভাবে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করা হয়েছে বলে প্রতীয়মান হয়।”
পুলিশের ভাষ্য, “বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা থেকে ‘গুম হওয়া’ সংক্রান্তে দায়েরকৃত অভিযোগের বিষয়ে হালনাগাদ তথ্য উপস্থাপন এবং উপস্থাপিত অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভিকটিম এবং অভিযোগ প্রদানকারী ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ রাখা, তাদের নিকট থেকে তথ্য সংগ্রহ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার প্রথাগত দায়িত্ব।
“এই দায়িত্ব পালনের অংশ হিসেবে পুলিশ মাঝে মধ্যে ভিকটিমের পরিবার কিংবা অভিযোগকারী ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ভিকটিমের পরিবার বা অভিযোগকারী ব্যক্তিবর্গ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে থাকেন।”
সুজনের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে ওই বিবৃতিতে বলা হয়, “মাহবুব হাসান সুজন এর ভাই মো. শাকিল খান তার ভাইয়ের নিখোঁজ হওয়ার স্থান সম্পর্কে ভিন্ন তথ্য উপস্থাপন করেন যা ইতোপূর্বে রুজুকৃত সবুজবাগ থানার জিডিতে উল্লেখ নেই। এ ব্যাপারে একটি লিখিতভাবে বিস্তারিত তথ্য উপস্থাপনের জন্য পুলিশ অনুরোধ করলে তিনি বা তার পিতা তা দিতে অস্বীকার করেন।
“কিন্তু পরবর্তীতে তিনি এ বিষয়ে মিডিয়ার কাছে মিথ্যাচার করেছেন এবং বলেছেন, পুলিশ তার বাবার নিকট থেকে সাদা কাগজে সই নেওয়ার চেষ্টা করেন। অপরদিকে একই ঘটনায় মাহবুব হাসান সুজন এর সাথে নিখোঁজ হওয়া কাজী ফরহাদ এর বোন এবং ভগ্নিপতি নিখোঁজ সংক্রান্তে বিস্তারিত তথ্য লিখিতভাবে পুলিশের নিকট উপস্থাপন করেন।”
‘হয়রানির’ নিন্দা ও প্রতিবাদ
গুমের শিকার পরিবারগুলোকে ‘হয়রানির’ নিন্দা জানিয়েছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সুলতানা কামাল।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “সরকারি বিভিন্ন সংস্থা গুমের শিকার হওয়া ভীতসন্ত্রস্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে কিংবা তাদের থানায় নিয়ে এসে সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেওয়াসহ বিভিন্নভাবে যে হয়রানিমূলক তৎপরতা চালাচ্ছে তা অন্যায়, ক্ষমতার অপব্যবহার ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
“গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচার না পাওয়ার ক্রমবর্মান অবক্ষয়ের যে চিত্র প্রতিদিন উঠে আসছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং গুমের শিকার পরিবারগুলোর প্রতি তা চরম নিষ্ঠুরতা।”
নিখোঁজ হওয়া ব্যক্তিদের খুঁজে বের করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানানো হয় তার বিবৃতিতে।
আলাদা বিবৃতিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, “আইনশৃংখলা রক্ষা বাহিনী নির্যাতনের শিকার পরিবারের পাশে না দাঁড়িয়ে তাদেরকে হুমকি দেওয়া ও হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
“জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিসএপিয়ারেন্স বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ এবং এর প্রতিকারের জন্য সরকারের ওপর চাপ দেয়ার পরিপ্রেক্ষিতে সরকারের নির্দেশেই আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা গুম হওয়া পরিবারের সদস্যদের ওপর চাপ প্রয়োগসহ হয়রানি করছে। ভুক্তভোগী নাগরিকদের ওপর এ ধরণের জুলুম করে কেউ কখনো রেহাই পায়নি, ইতিহাস সে কথাই বলে।”
