যাত্রাবাড়ীতে নারীর পোড়া লাশ, পুলিশ বলছে ‘হত্যা’
রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকার ময়লার স্তুপ থেকে অজ্ঞাত এক নারীর আগুনে পোড়া ও অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত এ নারীর আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর হবে, যাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ময়লার গাড়িতে ফেলা হয়েছে বলে ধারণার কথা জানিয়েছেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) আয়ান মাহমুদ দীপ।
বৃহস্পতিবার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ময়লার ডিপো থেকে মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মৃতদেহটির মাথা থেকে পা পর্যন্ত আগুনে পোড়া। এতে পচনও ধরেছে।
পরিদর্শক আয়ান মাহমুদ দীপ বলেন, শফিক নামে একজন কাগজ টোকাইয়ের মাধ্যমে পুলিশ খবর পায়।
“ময়লার উপরের দিকে মৃতদেহটি পড়েছিল। ধারণা করা হচ্ছে, হত্যার পর পুড়িয়ে ময়লার গাড়িতে মৃতদেহটি দেওয়া হয়েছে। আর ময়লার গাড়ি থেকে এখানে এনে ফেলা হয়েছে।“
তিনি জানান, অনেক ক্ষেত্রে ময়লা নাড়াচাড়া দেওয়া হয়। হয়ত ঘাটাঘাটির কারণে মৃতদেহটি উপরের দিকে চলে আসে।
অনেক সময় ডিপোতে ময়লা-আবর্জনা আগুনে পুড়িয়ে ফেলা হয়। সে আগুনেও কী পুড়তে পারে কি না জানতে চাইলে এই পুলিশ পরির্দশক বলেন, সে সম্ভবনা কম। কারণ আশেপাশে কোনো ময়লা পোড়ানো হচ্ছে না।
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক ফারজানা আক্তার জানান, লাশ ময়নাতদন্তসহ পরবর্তী প্রক্রিয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
