২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

ইউএনওদের মতো উপজেলা চেয়ারম্যানদের নিরাপত্তা দেওয়ার আদেশ স্থগিত

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মতো উপজেলা পরিষদের চেয়ারম্যানদের নিরাপত্তা দিতে হাই কোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 12:08 AM

Updated : 02 Aug 2022, 06:42 PM

উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী। আর রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান।

মেহেদী হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্টের অন্তর্বর্তী এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ গত অক্টোবরে চেম্বার আদালতে আবেদন করেছিল।

“তখন চেম্বার আদালত হাই কোর্টের আদেশটি স্থগিত করে আমাদের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে শুনানির জন্য রেখেছিল। এর মধ্যে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। আর চেম্বার আদালতের স্থগিতাদেশ বাতিল চেয়ে আবেদন করে রিটকারী পক্ষ।

“আজ আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল নিষ্পত্তি করে চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন। আর রিটকারী পক্ষের আবেদনটি খারিজ করে দিয়েছেন।”

আপিল বিভাগের এ আদেশ পাওয়ার দুই মাসের মধ্যে বিচারাধীন এ সংক্রান্ত রুলটি দুই মাসের মধ্যে হাই কোর্টকে নিষ্পত্তি করতে বলা হয়েছে বলেও জানান আইন কর্মকর্তা মেহেদী হাছান। 

এমপিরা ‘ব্যাক্কলের’ মতো ঘোরে: চুন্নু  

চলতি বছরের ১৫ জুন উপজেলা উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ক্ষমতা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজসহ তিন উপজেলা চেয়ারম্যান।

রিট আবেদনে রুলসহ প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়। তার প্রাথমিক শুনানি পর গত ৭ সেপ্টেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজামানের হাই কোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দিয়েছিল।

উপজেলা চেয়ারম্যানদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি উপজেলা পরিষদ ভবনে থাকা সাইনবোর্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের পরিবর্তে উপজেলা পরিষদ কার্যালয় লিখতে নির্দেশ দেয় হাই কোর্ট। 

সেই সঙ্গে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা ১৩(ক),১৩(খ) ও ১৩(গ) কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয় রুলে।

চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। সে রুলটিই আদেশ পাওয়ার দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।