কানাডার খাদ্য নিরাপত্তা কার্যালয়ের শাখা ঢাকায়
ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (জিআইএফএস) আঞ্চলিক কার্যালয় চালু হয়েছে।
রোববার ঢাকায় বিএআরসিতে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এ কার্যালয়ের উদ্বোধন করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর ফলে বাংলাদেশ ও কানাডার কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গবেষণা সহযোগিতা সম্পর্ক প্রতিষ্ঠার পাশাপাশি জলবায়ু পরিবর্তনসহ কৃষিতে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি গবেষকরা উন্নত জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা পাবেন।
কৃষির বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাসহ বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার, ঢাকায় জিআইএফএসের আঞ্চলিক কার্যালয় স্থাপন ও ‘বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র’ স্থাপনের লক্ষ্যে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি বিএআরসি ও জিআইএফএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ইতোমধ্যে জিআইএফএস-কানাডাতে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন বিষয়ে চেয়ার নিয়োগসহ সব বিষয় সম্পন্ন হয়েছে। ঢাকায় জিআইএফএসের আঞ্চলিক অফিস আজ চালু হলো।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, বহুমুখী ও মানসম্পন্ন কৃষি-খাদ্য উৎপাদনে সাস্কাচুয়ান অঞ্চলের বিশ্বজুড়ে সুনাম রয়েছে। ঢাকায় অফিস চালুর ফলে তাদের প্রযুক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগানো যাবে। বাংলাদেশ ও কানাডার মধ্যে কৃষিখাতে সহযোগিতা আরও জোরদার হবে।
কানাডার সাস্কাচুয়ান সরকারের কৃষিমন্ত্রী ডেভিড মেরিট অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
তিনি বলেন, “এ অফিস স্থাপনের মাধ্যমে দুদেশের মধ্যে কৃষিক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণ ও খাদ্য নিরাপত্তাকে টেকসই করতে হলে আমাদের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে দুদেশ একসাথে কাজ করবে।”
