সত্তরে ঘূর্ণিঝড়ের বার্ষিকীতে নিরাপদ উপকূলের দাবি
১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের বার্ষিকীতে নিহতের স্মরণ করে নিরাপদ উপকূল নিশ্চিতের দাবি জানিয়েছে একটি আঞ্চলিক সংগঠন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালী উপকূলবাসীর’ ব্যানারে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
১৯৭০ সালের ১২ নভেম্বর বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্করী ‘গ্রেট ভোলা সাইক্লোন’। এতে প্রাণ হারায় প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ; চার লাখের মতো বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়।
চট্টগ্রাম, বরগুনা, খেপুপাড়া, পটুয়াখালী, ভোলার চর বোরহানুদ্দিনের উত্তর পাশ ও চর তজুমুদ্দিন এবং নোয়াখালীর মাইজদী থেকে শুরু করে দক্ষিণাঞ্চল সেই ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
শুক্রবারের মানববন্ধনে সহযোগিতায় করে স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান দুর্যোগ অনুধাবন ও চন্দ্রকলি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের শিক্ষক জুয়েল মিয়া বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলা ও ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্বরূপ।
“তবে, উপকূলের দুর্যোগ ঝুঁকি হ্রাসে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হয় সেখানে দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং পরিকল্পনায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করা গেলে দুর্যোগ ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে।”
চন্দ্রকলির সমন্বয়ক শাখাওয়াত উল্লাহ বলেন, “আমরা উপকূলে সবুজবেষ্টনী চাই। বন ধ্বংসের ফলে রামগতি, হাতিয়া, সুবর্ণচর, কমলনগরসহ পুরো বৃহত্তর নোয়াখালী উপকূল আজ ভয়াবহ ভাঙনের শিকার হচ্ছে। এই নদী ভাঙন রোধে আমরা আমাদের বন ফিরে পেতে চাই।”
মানববন্ধনে অন্যদের মধ্যে বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, অ্যাডভোকেট তরিক উল্লাহ ও বেঞ্জামিন রাফি, দুর্যোগ অনুধাবনের সহ-প্রতিষ্ঠাতা কবির হোসেন বক্তব্য দেন।
