বঙ্গবন্ধুকে নিয়ে শিল্প প্রদর্শনী যাচ্ছে কানাডায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি শিল্প প্রদর্শনী এবার যাচ্ছে কানাডায়।
টরেন্টোর আর্ট গ্যালারি অব মিসিসাউগায় (এজিএম) এই প্রদর্শনী শুরু হবে চলতি মাসের ১৫ তারিখে। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।
এজিএমের আমন্ত্রণে ‘লাইটিং দি ফায়ার অব ফ্রিডম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক প্রদর্শনী নিয়ে যাচ্ছে সামদানি আর্ট ফাউন্ডেশন ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
আইসিটি বিভাগ ও শিল্পকলা একাডেমিকে সঙ্গে নিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা আর্ট সামিটে প্রথম এই শিল্প প্রদর্শনী করেছিল সামদানি আর্ট ফাউন্ডেশন ও সিআরআই।
সামদানি আর্ট ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কানাডায় প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, শিল্পাচার্য জয়নুল আবেদিন সঙ্গে এই প্রদর্শনীতে থাকবে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, কবির আহমেদ মাসুম চিশতি ও সৈয়দ সাইফ আলীর শিল্পকর্ম।
প্রদর্শনীর তাৎপর্য উল্লেখ করে বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক বলেছেন, “যখন আমরা ২০২১ সালে বাংলাদেশের পঞ্চাশ বছর উদযাপন করছি, তখন যেসব দর্শন ও মূল্যবোধ আমাদের স্বাধীনতার দিকে ধাবিত করেছে, সেদিকে দৃষ্টিপাত করা আবশ্যক।
“বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার সংগ্রাম করেছিলেন, যেখানে নারী, পুরুষ ও শিশু নির্বিশেষে সবাই সম্মানের সাথে বসবাস করতে পারবে এবং ধর্ম, নৃতাত্ত্বিক বা ব্যক্তিগত বিশ্বাস নির্বিশেষে দারিদ্র ও নিপীড়ন থেকে মুক্ত থাকবে।”
আয়োজকরা বলছেন, রুক্ষ্মিনি রেকবানা কিউ চৌধুরীর তত্ত্বাবধানে এই প্রদর্শনীতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের অন্তরঙ্গ ও অজানা নানা দিক জানা যাবে।
সামদানি আর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নাদিয়া সামদানি বলেন, “এজিমের সাথে একীভূত হয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার কানাডার দর্শকদের সামনে তুলে ধরতে পেরে আমরা উচ্ছ্বসিত।
“২০২১ সাল আমাদের এই চমৎকার দেশের জন্মের পঞ্চাশতম বার্ষিকী। সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবেলার আশাবাদ যখন আমরা ব্যক্ত করছি, তখন আদর্শ হিসাবে জাতির পিতাকে ব্যতিরেকে আর কোনো ব্যক্তিত্বকে আমরা চিন্তাই করতে পারি না।”
একই সময়ে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ‘আর্ট অব এ ইয়াং ন্যাশন: বাংলাদেশ’ শীর্ষক আরেকটি প্রদর্শনীও একই গ্যালারিতে অনুষ্ঠিত হবে জানিয়ে সামদানি আর্ট ফাউন্ডেশন। নবীন-প্রবীণ মিলিয়ে ৩৮ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পাবে এই প্রদর্শনীতে।
আয়োজকরা জানান, প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৮ নভেম্বর। শিল্পক্ষেত্রে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষেত্রে দেশের বাইরের সবচেয়ে বড় আয়োজন এটি।
