লকডাউনের দ্বিতীয় দিন রাজধানীর পথচিত্র
একে তো লকডাউনের বিধিনিষেধ, তার ওপর বৃষ্টি। এর মধ্যেও ঢাকার মৎস্য ভবনের সামনে দুই কিশোরকে দেখা গেল ফুটপাত ধরে হাঁটছে। পুলিশের একটি টহল গাড়ি দেখেই তড়িৎ গতিতে গলিতে ঢুকে গেল তারা।
ছুটির দিন এমনিতেই রাস্তায় ভিড় কম থাকে। আর সরকার করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে ‘কঠোর’ বিধিনিষেধ আরোপ করায় শুক্রবার ঢাকার রাস্তা অনেকটাই ফাঁকা।
লকডাউনে প্রথম দিন বৃহস্পতিবার রাজধানীতে ‘অপ্রয়োজনে’ ঘর থেকে বের হওয়ায় গ্রেপ্তার হয়েছে সাড়ে পাঁচশ মানুষ। শুক্রবারও বিভিন্ন রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট দেখা গেছে। তবে কড়াকড়ি আগের দিনে মত নয়।
করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার সকালে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা শাহবাগ মোড় এমনই ছিল। ছবি: কামাল হোসাইন তালুকদার
ফাঁকা রাস্তায় মাঝেমধ্যে ছুটে যাচ্ছে অ্যাম্বুলেন্স কিংবা পণ্যবাহী গাড়ি। ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেলের সংখ্যা আগের দিনের তুলনায় কম। বৃষ্টির মধ্যেই রাস্তার মোড়ে মোড়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন রিকশাচালকরা।
লকডাউনে অফিস-আদালত, শপিং মল, যান্ত্রিক যানবাহন বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে জামায়াতের আয়োজন করতে কোনো নিষেধ নেই। শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়তে বাসা থেকে বেরিয়েছিলেন অনেকে।
আজিমপুর চৌরাস্তার সড়কে পুলিশের ব্যারিকেড থাকলেও লকডাউনের প্রথম দিনের মত থামিয়ে থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেল না।
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বললেন, শুক্রবার তারা ছাড় দিচ্ছেন, এটা বলা যাবে না। বিনা প্রয়োজনে বের হওয়ার ইতমধ্যে তারা পাঁচজনকে আটক করেছেন।
“বৃষ্টির কারণে সড়কে থেকে তল্লাশির কাজ কিছুটা ব্যহত হলেও পুলিশ কিন্তু টহল দিচ্ছে।”
অনেকক্ষণ কোনো যাত্রী না দেখে একজন আরেকজনকে বললেন, “অটো লকডাউন। পুলিশের কিচ্ছু করতে হবে না।”
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা মিললো তিনজন ভবঘুরের। নাম বললেন জাহাঙ্গীর, বাড়ি কুড়িগ্রামে। কয়েক বছর ধরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পানে থাকছেন। সঙ্গী দুজনের নাম কামরুল হাসান ও বাবু।
জাহাঙ্গীর বললেন, গতবছর যখন লকডাউন ছিল, তার মত ফুটপাতে থাকা মানুষের জন্য খাবার দিয়ে যেত অনেকে। এবার সেরকম কেউ আসেনি।
পল্টন এলাকায় সড়ক দ্বীপে কয়েকজন পথশিশুটিকে দেখা গেল। ছবি তোলার সঙ্গে সঙ্গে হাত বাড়ালো টাকার জন্য।
সেই যুবক বললেন, অন্য সময় শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের গেইটে ২০ থেকে ৩০ জন ভিক্ষুক থাকেই। কিন্তু এখন কেন কম, তার জানা নেই।
পুরান ঢাকার আজিমপুর, লালবাগ, আলু বাজারের অলিগলি প্রধান সড়কের মত ফাঁকা পাওয়া গেল না। মুদি দোকান, চায়ের দোকান, সবজির দোকান ঘিরে মানুষের আনাগোনা দেখা গেল। ক্রেতা- বিক্রেতা অনেকের মুখেই আবার মাস্ক নেই।
তবে আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি দেখলে এলাকা খালি হয়ে যায়, থুতনির মাস্ক নাকে-মুখে উঠে।
