২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবপাচার ও পাসপোর্ট আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে অমি

চিত্রনায়িকা পরীমনির করা ‘ধর্ষণচেষ্টা’ মামলার আসামি তুহিন সিদ্দিকী অমিকে মানবপাচার ও পাসপোর্ট আইনের দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মোট ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2021, 04:08 PM

Updated : 02 Aug 2022, 06:01 PM

বুধবার মানবপাচার আইনের মামলায় শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. মঈনুল ইসলাম তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার আরেক মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান পাসপোর্ট আইনের মামলায় অমিকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

দুই তদন্ত কর্মকর্তা এদিন অমিকে আদালতে হাজির করে ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

আসামিপক্ষে ইমরুল কাউসারসহ কয়েকজন আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের বক্তব্য শুনে দুই আদালতের বিচারক রিমান্ডের আদেশ দেন।

১৫ জুন রাতে দক্ষিণখান থানা এলাকায় অমির একটি অফিস থেকে ১০২টি পাসপোর্ট ও ১৭ হাজার টাকা জব্দ করা হয়। এতগুলো পাসপোর্ট রাখায় অমির বিরুদ্ধে পাসপোর্ট আইনে দক্ষিণখান থানায় মামলা হয়।

আর গত ১৮ জুন আব্দুল কাদের নামে এক ব্যক্তির দায়ের করা মানবপাচারের মামলায় আশকোনায় অমির একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিনটি গাড়ি এবং ১৯টি হার্ড ডিস্ক জব্দ করে সিআইডি।

এছাড়া বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গত ১৭ জুন দক্ষিণখান থানায় শাহীন আলম নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় অমির নয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ৩৯৫টি পাসপোর্ট, ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক, সম্পত্তির দলিল, ক্রেডিট কার্ড, অলিখিত স্টাম্প, বিভিন্ন ব্যাংকের চেক বই, ভিসা কার্ড, পেনড্রাইভ, মোবাইল সেট উদ্ধারের কথা জানায় সিআইডি।

ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে গত ১৪ জুন নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ ছয়জনক আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমনি।

উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ (৫০) ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি)। তুহিন সিদ্দিকী অমিও ওই ক্লাবের সদস্য ছিলেন।

পরীমনির অভিযোগ পূর্ব পরিচিত অমি গত ৮ জুন রাতে তাকে ‘পরিকল্পিতভাবে’ বোট ক্লাবে নিয়ে যান এবং সেখানে নাসির তাকে ‘ধর্ষণের চেষ্টা’ করেন।

সাভার থানায় পরীমনি মামলা করার পরপরই উত্তরার একটি বাসা থেকে নাসির ও অমিকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় ওই বাসা থেকে মদ ও ইয়াবা উদ্ধারের কথা জানায় গোয়েন্দা পুলিশ। 

পরে ১৫ জুন মধ্যরাতে বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এসআই মানিক কুমার শিকদার।

মাদকের মামলায় নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমিকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই মামলার রিমান্ড শেষে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ মামলায় গত ২৩ জুন তাদের ৫ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

মঙ্গলবার তাদের রিমান্ড শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় অন্তর্বর্তীকালীন জামিন দেয় আদালত। এ মামলায় আগামী ৮ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য আছে। ওই দিন পর্যন্তই দুই আসামিকে জামিন দেওয়া হয়।

এ মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না নাসির ও অমির। কারামুক্ত হতে হলে নাসিরকে মাদকের মামলায় এবং অমিকে মাদকসহ মানবপাচার এবং পাসপোর্ট আইনের মামলাতেও জামিন পেতে হবে।