২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা বিষয়ক সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোমেন

নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের এক সভায় যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2021, 07:21 PM

Updated : 02 Aug 2022, 05:55 PM

ওই সভার পাশাপাশি যুক্তরাষ্ট্রে অন্য কয়েকটি আয়োজনে যোগ দেওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “আমার যাওয়া হচ্ছে জাতিসংঘে। দুটি বড় ইভেন্ট আছে। একটা রোহিঙ্গাদের উপরে।

“নতুন রোহিঙ্গারা কী অবস্থায় আছে, এটা নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ ও অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) যৌথভাবে একটি বড় আয়োজন করেছে। সেখানে আমাকে দাওয়াত দিয়েছে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে।”

সফরে নিউ ইয়র্কে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) পঞ্চম শীর্ষ সম্মেলনেও যোগ দেওয়ার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “আমরা এলডিসি থেকে উত্তরণ করছি। উত্তরণের সময়ে আমাদের কোভিডের কারণে কিছু সমস্যাও আছে। আমরা মোটামুটিভাবে সিপিডিকে জানিয়েছি, আরও দুই বছর অতিরিক্ত আমাদেরকে এলডিসি থেকে উত্তরণে সাহায্য করবে। এবং ২০৩৩ সাল পর্যন্ত ওষুধ রপ্তানিতে সুবিধা আমরা চেয়েছি।

”সেগুলো যাতে সব সদস্য গ্রহণ করে, সেসব একাধিক ইস্যু নিয়ে আমার যাওয়া।”

‘সুযোগ হলে’ ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গেও বৈঠকও হতে পারে বলে জানান মোমেন।

“সেক্রেটারি অব স্টেট তখন সফরে থাকবেন। ওরা আমাদের বলেছে যে, যদি শিডিউল চেইঞ্জ করতে পারেন, ডেট যদি ফ্লেক্সিবল হয়, তাহলে আমরা দেখব।”