ছাত্র পরিষদের নেতা আকরাম রিমান্ডে
ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইনকে দুদিনের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদ করা হবে নরেন্দ্র মোদীর সফরের সময় সংঘাতের মামলার আসাসমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছিনিয়ে নেওয়ার বিষয়ে।
ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৫ মার্চ মতিঝিল থানায় ছাত্র ও যুব অধিকার পরিষদ একটি মিছিল বের করেছিল। তখন পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
সেখান থেকে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে আটক করে ঢাকা মেডিকেলে চিকিৎসা দিতে নিয়ে গিয়েছিল পুলিশ। সেখানে তাকে ছিনিয়ে নিয়ে যায় ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীরা। যা নিয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন পল্টন মডেল থানার এসআই রায়হান কবির।
ফাইল ছবি
মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক সাইফুল ইসলাম খান সাত দিন রিমান্ডের আবেদন করলেও হাকিম দুদিন রিমান্ডের আদেশ দেন।
আকরামের আইনজীবী খাদেমুল ইসলাম জামিন আবেদন করলেও তা নাকচ হয়ে যায়।
আকরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র।
এই মামলায় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ঢাবি শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বর্তমান সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহসহ মোট ১৯ জন আসামি।
