২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধ কেনা হল না, গাড়ির ধাক্কায় মৃত্যু

ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2021, 01:33 AM

Updated : 02 Aug 2022, 05:43 PM

সন্ন্যাসী দেবনাথ (৬০) নামে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি স্ত্রীর ওষুধ কিনতে বেরিয়েছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

বুধবার রাত ৯টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনেই এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে মোহাম্মদপুর থানার এসআই আলতাফ হোসেন জানান।
তিনি বলেন, “হাসপাতালের সামনের রাস্তার পশ্চিম পাশে আসার পর গাবতলীমুখী একটি অজ্ঞাত গাড়ি তাকে (সন্ন্যাসী) ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে জানান।”

দুর্ঘটনার পর পাশের সোহরাওয়ার্দী হাসপাতালে কেন তাকে নেওয়া হল না- জানতে চাইলে এসআই আলতাফ সে বিষয়ে কিছু বলতে পারেননি।

সন্ন্যাসী দেবনাথের ভাগ্নে সুমন দেবনাথ খবর পেয়ে ঢাকা মেডিকেলে ছুটে যান।

তিনি সাংবাদিকদের বলেন, তার মামী কিছুদিন ধরে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হন। তার এক হাত কেটে ফেলা হয়েছে। অসুস্থ মামীর জন্য তার মামা রাস্তা পার হয়ে ওষুধ কিনতে যাচ্ছিলেন।

পুলিশ কর্মকর্তা জানান, যে গাড়িটি সন্ন্যাসীকে ধাক্কা দিয়েছে, তা শনাক্ত করতে বিভিন্নভাবে চেষ্টা চলছে।