২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: নিবেদিতা শিশু হাসপাতালের পরিচালকের মৃত্যু

রাজধানীর নিবেদিতা শিশু হাসপাতালের পরিচালক ডা. এস এম আনোয়ারুল করিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2020, 12:44 AM

Updated : 18 Aug 2022, 04:17 PM

রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর সোয়া ২টায় তার মৃত্যু হয় বলে নিবেদিতা শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা খাজা আহম্মেদ জানিয়েছেন।

তিনি শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১২ ডিসেম্বর ডা. আনোয়ারুল করিমের কোভিড-১৯ ধরা পড়ে। এরপর থেকে তিনি আজগর আলী হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।

“কোভিড-১৯ ধরা পড়ার পরই স্যারকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ মারা গেলেন। আমরা ধারণা করছি, রোগী দেখতে গিয়েই কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তিনি এখানে অফিস করতেন আর বাসার পাশের একটা চেম্বারেও রোগী দেখতেন।”

গত ৮ মার্চ দেশে প্রথম নভেল করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। 

গত ১৫ এপ্রিল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন আহমেদ মারা যান। তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম চিকিৎসক।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, বিএমএর হিসাবে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২২ জন চিকিৎসক। আক্রান্ত হয়েছেন ২৮৮৫ জন চিকিৎসক।