বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: জড়িতদের শাস্তি চান জবির সরকারপন্থি শিক্ষকরা
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সরকারপন্থি শিক্ষকরা।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে নীলদলের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে এ দাবি জানান তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক জাকারিয়া মিয়া বলেন, “প্রচলিত শিক্ষা ব্যবস্থায় দেশবিরোধী মৌলবাদী মানসিকতা সৃষ্টির সমূহ সম্ভাবনা রয়েছে। তাই আমরা সার্বজনীন সুষম শিক্ষানীতি প্রণয়নের জোর দাবি জানাই, যা বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধ সৃষ্টিতে সহায়ক হবে।”
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক শামীমা বেগম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবু নোমান মানববন্ধনে বক্তব্য দেন।
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল স্থাপনেরও আহ্বান জানানো হয় সেখানে।
এ ঘটনায় মঙ্গলবার গণমাধ্যমে পৃথক এক প্রতিবাদলিপি পাঠিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল নিন্দা প্রকাশ করে এবং জড়িতদের ও তাদের মদদদাতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
নীল দলের সভাপতি অধ্যাপক জাকারিয়া মিয়া ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে বলা হয়, জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর স্বাধীনতাবিরোধী চক্রের পরিকল্পিত অপকর্ম। এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবোধের উপর বড় আঘাত এবং জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের পথে বড় অন্তরায়।
“বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ, লালন ও সংরক্ষণ করা স্বাধীনতাকামী প্রতিটি বাঙ্গালির নৈতিক দায়িত্ব। সম্প্রতি উগ্রপন্থি একটি মহল জাতির পিতার ভাস্কর্য নির্মাণের ইস্যুকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে কুচক্রীমহলের এমন নেক্কারজন ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল তীব্র প্রতিবাদ করছে।”
