আবরার হত্যা: উচ্চ আদালতে যাওয়ার সময় পেল আসামিপক্ষ
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলা বিচারের জন্য আদালত বদলের আবেদন নিয়ে হাই কোর্টে যেতে আসামিপক্ষ যে সময় চেয়েছিল, তা মঞ্জুর করেছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
রোববার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আগামী ২২ ডিসেম্বর এ বিষয়ে উচ্চ আদালতের আদেশ দাখিলের সময় দিয়েছেন।
একই বিচারকের প্রতি গত ৩ ডিসেম্বর কারাগারে থাকা ২২ আসামির আইনজীবীরা অনাস্থা জানিয়ে একটি আবেদন দাখিল করেছিলেন। রোববার ওই অনাস্থার আবেদনের ওপর শুনানি হয়।
আসামিপক্ষের অন্যতম আইনজীবী আমিনুল গণী টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে ২২ ডিসেম্বর উচ্চ আদালতের আদেশ দাখিল পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।”
বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী আবরারকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একটি কক্ষে ডেকে নিয়ে বেদম মারধর করে। এতে তার মৃত্যু হয়।
পরদিন আবরারের বাবা বরকত উল্লাহ কুষ্টিয়া থেকে এসে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন।
এক মাস পর ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। গত ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
আসামিদের মধ্যে এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তিন আসামি পলাতক রয়েছেন।
