২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চক্রাকার নৌপথে বেসরকারি বিনিয়োগের আহ্বান প্রতিমন্ত্রীর

রাজধানীতে চক্রাকার নৌরুটে সরকার আধুনিক জলযান নামানোর চিন্তা করছে জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ খাতে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2020, 02:20 PM

Updated : 18 Aug 2022, 04:04 PM

তিনি বলেন, “কারও জীবিকার ওপর হাত দিতে চাই না। কিন্তু মানুষের জীবনটাকে নিরাপদ করতে চাই। এজন্য বেসরকারি উদ্যোক্তাদের আহ্বান জানাচ্ছি তারা যদি যাত্রীসেবা দিতে এখানে কোনো ধরনের বিনিয়োগ করতে চায় সেখানে আমরা স্বাগত জানাব।”

মঙ্গলবার সদরঘাটে ওয়াটার বাস সার্ভিস পরিচালনা ও যাত্রীসেবা কার্যক্রম এবং কেরানীগঞ্জের হাইস্পিড শিপইয়ার্ডে নির্মণাধীন জলযান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “আমরা আপগ্রেড করার জন্য চেষ্টা করছি। এজন্য বেসরকারি বিনিয়োগকারীদের আমরা উৎসাহিত করছি। তারা এগিয়ে আসলে আমরা তাদের স্বাগত জানাব৷ আমরা চাই সব ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগকারীরা এগিয়ে আসুক। বেসরকারি উদ্যোগের জন্য আজ যাত্রীসেবায় অনেক বিলাসবহুল জাহাজ এসেছে।

“আমরা চাই বাংলাদেশের বেসরকারি পর্যায়ের বিনিয়োগ আরও বিস্তৃতি লাভ করুক। সেজন্য সরকার তাদের সব ধরনের সুযোগ সুবিধা দেবে।”

যাত্রী পারাপার নিরাপদ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “যাত্রী পারাপার নিরাপদ করতে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা।এই সচেতনতামূলক কাজগুলো আগে খুব দুর্বলভাবে হয়েছে সে কারণে অনেক ধরনের ঘটনা ঘটেছে। আমরা সেজন্য বিআইডব্লিউটিএর মাধ্যমে মূল বন্দরের দুই পাশ থেকে ওয়াটার বাস চালু করেছি। যেগুলো আগে সার্কুলার রুটে চলত।

“এজন্য এখানে যারা ডিঙ্গি নৌকা চালায় তাদের সঙ্গে কথা বলেছি। তাদের এ বিষয়ে সম্মতি রয়েছে। পাশাপাশি যাত্রী সাধারণের সাড়া পাচ্ছি।”

তিনি বলেন, “আমরা এই ব্যবস্থাকে আরও আপগ্রেড করব। তবে ওভারনাইট কোনো কিছু করা যায় না।  ধীরে ধীরে করছি এবং এটা কি রকম ফলপ্রসূ হচ্ছে সেজন্য আজ পরিদর্শনে এসেছি। আর সদরঘাটের সুবিধাগুলো আরও বেশি আধুনিকায়ন করছি, এটা চলমান প্রক্রিয়া।”

ডকইয়ার্ড সরাতে খসড়া শিগগিরই

বুড়িগঙ্গার পাড়ের ডকইয়ার্ডগুলো সরাতে বিআইডব্লিউটিএ একটি খসড়া চূড়ান্ত করছে এবং শিগগিরই সে বিষয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “এখন শুধু জীবন ও জীবিকার জন্য এ নদীপথ ব্যবহার হচ্ছে। এর সাথে বিনোদনের জন্য এই নদীকে কাজে লাগাতে চাই। এজন্য আমরা পদক্ষেপ গ্রহণ করছি।

“আমরা ডকইয়ার্ড মালিকদের একটি সুপারিশ আমাদের কাছে উপস্থান করতে বলেছিলাম। তারা এখন পর্যন্ত সে সুপারিশ উপস্থাপন করেননি। ইতোমধ্যে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। কিভাবে এটা স্থানান্তর করা যায়।”

জায়গার সংকুলান রয়েছে জানিয়ে তিনি বলেন, “এটা দীর্ঘ একটা প্রক্রিয়া। আমরা সময়ের কিনারে চলে এসেছি। যেহেতু ডকইয়ার্ড মালিকদের কাছ থেকে কোনো সুপারিশ আসে নাই, তাই বিআইডব্লিউটিএকে বলেছি এ বিষয়ে কি পদক্ষেপ নেয়া যায়, আমরা সেটার একটি খসড়া চূড়ান্ত করতে যাচ্ছি। সেটা অল্প দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন।”