২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আধুনিকায়নের মাধ্যমে পাটকল চালুর দাবি

আধুনিকায়নের মাধ্যমে বন্ধ সরকারি পাটকলগুলো চালুর দাবি জানিয়েছে পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2020, 02:38 PM

Updated : 08 Apr 2022, 01:29 AM

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগ্রাম পরিষদের আয়োজনে এক মানববন্ধন ও সমাবেশে বক্তারা এই দাবি জানান।

সমাবেশে শ্রমিকনেতা সহিদুল্লাহ চৌধুরী বলেন, “বিশ্বব্যাপী বাংলাদেশের পাট ও পাটশিল্পের সম্ভবনা নস্যাতের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।”

পাটকল শ্রমিকের সব পাওনা পরিশোধ ও পাটশিল্প আধুনিকায়ন করার দাবি জানান তিনি।

পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করার দাবি ছাড়াও সেগুলো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) চালু এবং বেসরকারি খাতে লিজ দেওয়ার বিষয়ে সরকারের উদ্যোগের বিরোধীতা করা হয় সমাবেশে।

এছাড়া ব্যক্তি মালিকানার জুট ও টেক্সটাইল শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা ও বাস্তাবায়ন, তিনমাস কর্মরত শ্রমিকদের আইন অনুযায়ী স্থায়ী করা এবং এই খাতে অনিয়ম বন্ধের দাবি জানান বক্তারা।

তারা বলেন, পাটশিল্প শুধু অর্থনীতিই নয়; এটি বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গে জড়িত। এরকম একটি শিল্প চোখের সামনে ধ্বংস হয়ে যাবে, তা হতে দেওয়া যায় না।

সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মছিউদদ্দৌলা, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান অনেকে বক্তব্য দেন।

সমাবেশে আগামী ১৮ নভেম্বর পাটকল শিল্প এলাকায় পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায়ে ওইদিন পাট শিল্প এলাকায় জনসংযোগ, প্রচারপত্র বিলি, কর্মী সভা, সমাবেশ, মিছিলের কর্মসূচি দেওয়া হয়।