বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী
রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিভেন বিগান।
বৃহস্পতিবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরের জাদুঘরটি পরিদর্শনে যান তিনি। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি শ্রদ্ধা জানান বিগান।
এ সময় ইন্টারন্যাশনাল ভিজিটরস বুকে লেখা বক্তব্যে অতীতের ধারাবাহিকতায় বাংলাদেশের সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের উপমন্ত্রী।
তিনি লেখেন, “স্বাধীনতার ৫০ বছর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী পালন করছে বাংলাদেশ। বাংলাদেশের মতো এমন বন্ধু পেয়ে গর্বিত যুক্তরাষ্ট্র।
“আমরা আশা করি, আগামী ৫০ বছর এবং এর পরবর্তী সময়ে বাংলাদেশ একটি শক্তিশালী, স্বনির্ভর ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত করবে।”
এ সময় তাকে জাদুঘর ঘুরিয়ে দেখান কিউরেটর এন আই খান।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
