২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দুই সদস্য পেল ইউজিসি

রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষককে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2020, 04:31 PM

Updated : 18 Aug 2022, 03:43 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আবু তাহেরকে ইউজিসির সদস্য হিসেবে দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

চার বছরের জন্য তাদের ওই পদে নিয়োগ দেওয়া হলেও সরকার প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগে তাদের অব্যাহতি দিতে পারবে বলে আদেশ বলা হয়েছে।

তারা অধ্যাপক হিসেবে সবশেষ যে বেতন-ভাতা পাচ্ছিলেন কমিশনের সদস্য হিসেবেও সেই বেতন-ভাতা পাবেন। এর বাইরে ইউজিসি সদস্য হিসেবে প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। যোগদানের তারিখ থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।

নতুন দুই সদস্যকে নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে সদস্য সংখ্যা পাঁচজন হল। বর্তমানে অধ্যাপক দিল আফরোজা বেগম, অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন ও অধ্যাপক মুহাম্মদ আলমগীর কমিশনের সদস্য হিসেবে রয়েছেন; চেয়ারম্যানের দায়িত্বে আছেন অধ্যাপক কাজী শহীদুল্লাহ।