২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিষফোঁড়া’ নিষিদ্ধের প্রতিবাদ ঘাতক দালাল নির্মূল কমিটির

কওমি মাদ্রাসার শিশুদের ধর্ষণের ঘটনা নিয়ে লেখা ‘বিষফোঁড়া’ উপন্যাসটি নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2020, 12:37 AM

Updated : 18 Aug 2022, 03:41 PM

শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, “ধর্ম ব্যবসায়ী মৌলবাদীদের তুষ্ট করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে একজন উদীয়মান মুক্তমনা লেখকের উপন্যাস নিষিদ্ধ ঘোষণা করেছে, যেভাবে নিকট অতীতে আমাদের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তক থেকে সাম্প্রদায়িক বিবেচনায় বাংলা সাহিত্যের বরেণ্য লেখকদের রচনা বাদ দেওয়া হয়েছে এতে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত হয়েছে এবং জঙ্গি মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তিকে প্রশ্রয় দেওয়া হয়েছে।”

‘জননিরাপত্তার জন্য হুমকি’ আখ্যায়িত করে সাইফুল বাতেন টিটো রচিত এবং নারায়ণগঞ্জ আড়াইহাজারের জালাকান্দির ‘জংশন’ প্রকাশিত কওমি মাদ্রাসার শিশু ধর্ষণ উপাখ্যান ‘বিষফোঁড়া’ উপন্যাসটি নিষিদ্ধ করে ২৪ অগাস্ট গেজেট প্রকাশ করে সরকার।

লেখক সাইফুল বাতেন টিটো ঘাতক দালাল নির্মূল কমিটির গবেষণা সেলের সদস্য।

‘বিষফোঁড়া’ নিষিদ্ধ  

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশসহ বিশ্বের সকল সভ্য দেশে শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের প্রতি যে কোনও ধরনের শারীরিক নির্যাতন নিষিদ্ধ করা হয়েছে। অথচ আমাদের গণমাধ্যমে অহরহ আবাসিক কওমি মাদ্রাসায় শিশুদের উপর যৌন নির্যাতনসহ নানাবিধ শারীরিক নির্যাতনের সংবাদ প্রকাশিত হচ্ছে।

“বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কোনও শিশু নির্যাতনকারীকে দৃষ্টান্তমূলক সাজা প্রদান করা হয়েছে এমন তথ্য আমাদের জানা নেই।”

কওমি মাদ্রাসায় শিশু নির্যাতনের বিষয়টি তদন্ত করতে উচ্চ পর্যায়ের কমিশন গঠনের পাশাপাশি ‘বিষফোঁড়া’ উপন্যাসটির নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক নির্মূল কমিটি।