২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা জেলে

রাষ্ট্রায়ত্ত সংস্থা টিসিবির সয়াবিন তেল কালোবাজারে বিক্রির মামলায় কারাগারে পাঠানো হয়েছে ঢাকার সাবেক ছাত্রলীগ নেতা আইনুল ইসলামকে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2020, 06:29 PM

Updated : 18 Aug 2022, 03:00 PM

মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আইনুলকে পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছিল পুলিশ।

রোববার শুনানি শেষে তা নামঞ্জুর করে ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম আসামি আইনুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা এই মামলায় আইনুল জামিনের আবেদন করেছিলেন, তাও নাকচ করেন বিচারক।

শুক্রবার মোহাম্মদপুর বিজলী মহল্লা থেকে ১২০ লিটার সয়াবিন তেল জব্দ করার পাশাপাশি আইনুলকে আটক করে র‌্যাব-২ এর একটি দল। পরদিন তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

এজাহারে বলা হয়, টিসিবির ডিলার ‘সিরাজ এন্টারপ্রাইজ’ ৬ হাজার লিটার ভোজ্য তেল সংগ্রহ করে। এ তেল ট্রাকের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ন্যায্য মূল্যে বিক্রির কথা ছিল। কিন্তু তা কালোবাজারে বিক্রি করেন আইনুল।

সিরাজ এন্টারপ্রাইজের লাইসেন্স সিরাজুল ইসলামের নামে। তিনি মারা যাওয়ার পর তার ছেলে আইনুল সেই লাইসেন্সে ব্যবসা করছেন।