শরীয়তপুরের চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল চুরির মামলা
জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল চুরির অভিযোগে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দুই সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
কমিশনের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন বলে সংস্থার জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
আসামিরা হলেন- উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম নাসিরউদ্দীন স্বপন এবং ৩ নং ওয়ার্ডের সদস্য মোফাচ্ছেল বেপারী ও ৯ নং ওয়ার্ডের সদস্য শামীম বেপারী।
আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রনব কুমার বলেন, তারা পরস্পর যোগসাজশে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ভিজিএফ কার্ডধারী ৬৯২ জন মৎস্জীবীকে চাল কম দিয়ে এক হাজার ৫৯০ কেজি চাল আত্মসাৎ করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয় বলে জানান দুদকের এই কর্মকর্তা।
