২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: স্বাস্থ্যের ডিজির পদত্যাগ চেয়ে উকিল নোটিস

নতুন করোনাভাইরাসের মহামারী থেকে দেশে মানুষকে বাঁচাতে স্বাস্থ্য সুরক্ষার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে উকিল নোটিস দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 04:10 PM

Updated : 18 Aug 2022, 02:54 PM

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন বৃহস্পতিবার আবুল কালাম আজাদের ই-মেইলে নোটিসটি পাঠিয়েছেন বলে তিনি নিজেই জানিয়েছেন।

নোটিসের অনুলিপি জনপ্রশাসন, অর্থ ও স্বাস্থ্য সচিবকেও দেওয়া হয়েছে।

রবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তার দায়িত্বশীলতা দেখাতে ব্যর্থ হয়েছেন। পদে থাকার নৈতিক অধিকার নেই তার।

“তাই আমি তার পদত্যাগ চেয়ে নোটিস পাঠিয়েছি। নোটিস পেয়ে পদত্যাগ করলে ভাল, নইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।”

নোটিসে বলা হয়,“আপনার ব্যর্থতার কারণে বুধবার পর্যন্ত দেশের ১৭০ জন চিকিৎসক, ১০০ জন পুলিশ সদস্য, ২৮ জন সংবাদকর্মী, ৭ জন প্রশাসনিক কর্মকর্তা ও নার্সসহ মোট ৩ হাজার ৩২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ইতিমধ্যে ১১০ জনে মৃত্যু হয়েছে।

“এ ভাইরাস ব্যক্তি থেকে ব্যক্তি এবং এক জনগোষ্ঠী থেকে আরেক জনগোষ্ঠীতে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকলেও সংক্রমণ প্রতিরোধ করতে আপনি ব্যর্থ হয়েছেন এবং দেশের জনস্বাস্থ্যকে আরও ঝুঁকিতে ফেলেছেন।

“শুধু তাই না, চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য স্বয়ংসম্পূর্ণ বা কার্যকরী বিশেষ নিরাপত্তা পোশাক (পিপিই) সরবরাহ করতেও ব্যর্থ হয়েছেন।”

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের কাজ হলো- প্রশাসনের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি, স্বাস্থ্য ব্যবস্থাপনা, পরিকল্পনা ও বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা। 

“অথচ আপনি ও আপনার সুশৃঙ্খল কর্মীবাহিনী করোনা ঝুঁকির মধ্যে থাকা সংশ্লিষ্টদের জন্য যথাযথ সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। ”

নোটিসের জানতে যোগাযোগ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের মন্তব্য পাওয়া যায়নি।