২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার পহেলা বৈশাখের খাবারটা ওদের জুটল না

“প্রত্যেক বছর পয়লা বৈশাখে সকাল থেকে কাম করি। দুপুরের আগে বাসায় গিয়ে পোলা-মাইয়ার মুখে খাবার তুলে দেই। কাম যেখানে করি সেখান থেকেই খাবার দেয়। এবার ব্যাতন পাইছি ঠিকই তয় খাবার পাই নাই।”

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 06:18 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

কথাগুলো বলছিলেন রাজধানীর মোহাম্মপুর সংলগ্ন বেড়িবাঁধের বাসিন্দা আকলিমা আক্তার, যিনি আশপাশের কয়েকটি বাসায় কাজ করে পিতৃহারা দুই ছেলে-মেয়েকে নিয়ে চলছেন।

আক্ষেপের সুরে তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি বছর পহেলা বৈশাখে অন্তত দুটি বাসা থেকে দুপুরের খাবার পান। নানা ধরনের ভর্তা, পোলাও-মাংস, ফল-মিষ্টি, যেগুলো ওই সব বাসার লোকজন খায় তার থেকে একটা অংশ তাকে দিয়ে দেওয়া হয়। ১২ বছরের ছেলে আর ১৫ বছরের মেয়ে সেই খাবার খুব তৃপ্তি নিয়ে খায়।

কিন্তু এবার দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণে কোনো বাসাতেই কাজেই যাওয়ার সুযোগ হয়নি তার।

Image
বাংলা নববর্ষের আগের দিন এরকম জনমানবহীন চারুকলা অনুষদ আগে কখনও দেখেননি ঢাকার মানুষ। করোনাভাইরাস আতঙ্কের কারণে এবছর বন্ধ হল ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ মঙ্গল শোভাযাত্রা।

বাংলা নববর্ষের আগের দিন এরকম জনমানবহীন চারুকলা অনুষদ আগে কখনও দেখেননি ঢাকার মানুষ। করোনাভাইরাস আতঙ্কের কারণে এবছর বন্ধ হল ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ মঙ্গল শোভাযাত্রা।

আকলিমা জানান, তার স্বামী সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে কাজ করতেন। ২০১৬ সালে সেখানে মারা যান। এরপর বাসায় বাসায় কাজ করে দুই ছেলে-মেয়েকে নিয়ে কোনো রকমে টিকে আছেন। বাসায় কাজ করে যে টাকা পান তা দিয়ে তোর আর ওই সব খাবারের ব্যবস্থা করা যায় না।

একই কথা বলেন আদাবরের কয়েকটি বাসায় কাজ করা সালমা খাতুন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তিন বাসায় কাম করি। ব্যাচলেরগো বাসায় কেউ নাই। তাদের ব্যাতন পাই নাই। বাকি দুই বাসা থেকে বেতনও দিছে, কিছু বাড়তি টেকাও দিছে।

“কিন্তু এই টাকা দিয়ে পয়লা বৈশাখের বাজার করতে পারি না। জিনিসের দাম বেশি। বাসায় ছোড মাইয়াডাতো আর সব বুঝে না। আমার জামাইতো (স্বামী) ভ্যান চালায়। কিন্তু অহনতো কাম নেই।”

বাড্ডার এক বাসায় কাজ করা সাথী বেগম বলেন, প্রতি বছর তিনি যেখানে কাজ করেন সেই বাসা থেকে তাকে মিষ্টি, ফল, দুপুরের খাবার দেওয়া হয়। ওই খাবারে তিনজনের পরিবারের দুপুরের খাবার মোটামুটি হয়ে যায়। এবারতো ওই বাসায় যেতেও পারছেন না।

“কপালের ফের! এমন দিনও দ্যাখতে হইবো কে ভাবছিল। সরকারের ত্রাণ তো আমরা পাই না।”

মগবাজারের একটি ভবনের কয়েকটি বাসায় কাজ করেন মধ্যবয়সী সেলিনা আক্তার। স্বামী দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে থাকেন যাত্রাবাড়ী। এক ছেলে ও এক মেয়ে থাকে সেলিনার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।

মাসের বেতন পেয়ে ছেলে ও কলেজ পড়ুয়া মেয়েকে পাঠিয়ে বাকি টাকায় ঘর ভাড়া ও খাবার যোগাড় করতে হয় তার। সকালে কলোজিরা ভর্তা ও বেগুন ভর্তা দিয়ে ভাত খেয়েছেন বলে জানান সেলিনা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতবার পহেলা বৈশাখেও তিন বাসা থেকে ১৫০০ টাকা পাইছিলাম। খাবারও দিয়েছিল- ইলিশ মাছ ভাজা, পান্তা ভাত, মাংস, নানা ধরনের ভর্তা যে যা রান্না করছিল দিছিল। কিন্তু এবার তো কারও বাসায়ই যেতে পারতেছি না। কাজ করতেছি না, তো টাকাই বা কে দেবে আর খাবার কে দেবে?”

মোহাম্মপুরের দুটি মেসে কাজ করা স্বপ্না জানালেন হঠাৎ করে ছুটি পড়ায় এখনও মাসের বেতনটাই পাননি তিনি।

“ছুডি পাইয়াই ছাত্ররা সব গ্যাছে গা। অহনতো ব্যতন পাইতাছি না। ফোন দিছিলাম কয়েকজনরে। তারা তো একলগে টাকা দিতে পারতাছে না। অল্প কিছু বিকাশ করছে। তাও তুলতে পারতাছি না। দুকানতো বন্ধ।”

অতি সংক্রামক নভেল করোনাভাইরাস থেকে রক্ষায় চলমান লকডাউনের মধ্যে নিজেরা ঘরে থাকার পাশাপাশি কাজের লোকদের ছুটি দিয়েছে অধিকাংশ পরিবার। এই গৃহকর্মীদের অনেকেই কাজ না করেও বেতন পেলেও তাদের  টান পড়ছে খাবারে। বাসা-বাড়িতে কাজ করার পর কোনো কোনো বাসা থেকে যে খাবারটুকু দেওয়া হত, তা আর জুটছে না।

এ বিষয়ে একটি বিদেশি সংস্থায় কর্মরত বারিধারার বাসিন্দা নীতা চট্টোপাধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বারিধারা আবাসিক এলাকা কর্তৃপক্ষ বেশ আগেই বুয়া ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে। আমি আমার বাসায় যে কাজ করে তাকে বেতন দিয়েছি ঠিকই। কিন্তু গত কয়েক বছর পহেলা বৈশাখে আলাদা করে খাবার ও মিষ্টি যেটা দেওয়া হয় সেটাতো দিতে পারিনি।”