প্রকৌশলীর চেয়ে স্ত্রীর কোটি টাকার সম্পদ বেশি, কারাগারে দুজনই
সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী এস এম কামরুজ্জামানের চেয়ে তার গৃহিণী স্ত্রী নাছিমা জামানের সম্পদের পরিমাণ এক কোটি টাকার চেয়ে বেশি।
দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় এই দুজনকে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরুর মাধ্যমে এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন এই দম্পতি। দুদকের পক্ষে মীর আহম্মেদ আলী সালাম শুনানিতে জামিনের বিরোধিতা করেন।
মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ মামলার শুনানি নিয়ে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছর ২৯ মে দুই কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রমনা মডেল থানায় কামরুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম।
মামলার এজাহার অনুযায়ী কামরুজ্জামানের চেয়ে তার স্ত্রীর ১ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৫৩৬ টাকার বেশি অবৈধ সম্পদ রয়েছে।
মামলায় বলা হয়, কামরুজ্জামান ১৯৮০ সালে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরে যোগ দেন। নিয়মিত পদন্নোতির মাধ্যমে ২০১৬ সালে নির্বাহী প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব পালন করেন। একই বছরে তিনি অবসরে যান।
কামরুজ্জামান ৬৪ লাখ ৩৫ হাজার ৫৯২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তিনি ৩০ লাখ ৪২ হাজার ১১৬ টাকার সম্পদের তথ্য গোপন করেন।
অন্যদিকে তার স্ত্রী নাছিমা জামানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি একজন গৃহিণী। তার ২ কোটি ৪ লাখ ৪ হাজার ১২৮ টাকার অবৈধ সম্পদ রয়েছে। এছাড়া তিনি ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
