২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ওপর ‘হামলা’, নবনির্বাচিত কাউন্সিলর শাখাওয়াত গ্রেপ্তার

পুলিশের উপর হামলার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে নবনির্বাচিত কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন শওকত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2020, 03:29 PM

Updated : 18 Aug 2022, 02:28 PM

রামপুরা-খিলগাঁও এলাকার এই আওয়ামী লীগ নেতাকে সোমবার রাতে পুলিশ গ্রেপ্তার করে মঙ্গলবার ঢাকার আদালতে পাঠায়।

আদালতে তার পক্ষে জামিনের আবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হীরু।

তিনি বলেন, “ভুল বোঝাবুঝির কারণে এ মামলা। তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। বিষয়টি নিয়ে আপসের চেষ্টা চলছিল, অথচ তাকে গ্রেপ্তার হতে হল।”

ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী জামিনের আবেদন নাকচ করে শাখাওয়াতকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের পক্ষে থেকে শাখওয়াতকে রিমান্ডে চেয়ে কোনো আবেদন ছিল না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ইউসুফ আলী।

ঢাকা উত্তরের ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত একই ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন।

গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ার তিন দিনের মাথায় পুলিশের মামলায় তাকে গ্রেপ্তার হতে হল।

খিলগাঁও এলাকা থেকে এই কাউন্সিলরের সঙ্গে তার ছেলে, ভাতিজাসহ আরও সাতজনকে গ্রেপ্তার করা হয় বলে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন।

গ্রেপ্তারের কার জানিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁও পল্লীমা ক্লাবের সামনে পুলিশের বিশেষ শাখার এসআই আব্দুল মজিদের সঙ্গে কাউন্সিলর ও তার লোকজনের গণ্ডগোল হয়।

“পরে ওই এসআই কর্তব্য কাজে বাধা ও হামলার অভিযোগে শাখাওয়াত হোসেনসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনের নামে থানায় মামলা করেন।”

এসআই মজিদের করা ওই মামলায়ই ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের নেতা শাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়।