২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনস্বার্থ মামলায় সতর্ক থাকতে বিচারকদের পরামর্শ

আত্মপ্রচারের জন্য কোনো কোনো আইনজীবী জনস্বার্থ মামলা নিয়ে আদালতে আসেন উল্লেখ করে সে বিষয়ে বিচারকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে এক আলোচনা অনুষ্ঠান থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2020, 06:30 PM

Updated : 18 Aug 2022, 02:15 PM

জনস্বার্থ মামলা নিয়ে শনিবার ‘সুপ্রিম কোর্ট অনলাইন বুলেটিন (স্কব)’র এক আলোচনা অনুষ্ঠানে এই পরামর্শ দেওয়া হয়।

এই অনুষ্ঠঅনে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সুপ্রিম কোর্ট মিলনায়তনের এই অনুষ্ঠানে জনস্বার্থ মামলার পরিস্থিতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কব সম্পাদক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি ওবায়দুল হাসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিচারপতি শেখ হাসান আরিফ।

অনুষ্ঠানে জনস্বার্থ মামলা শুরু ইতিহাস তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যে জনস্বার্থের মামলার বিষয়টি সংবিধানে যুক্ত করা হয়েছিল।  জনসাধারণের ভুল, জনস্বার্থ রক্ষা ও সাংবিধানিক বিতর্ক সমাধানে জনস্বার্থ মামলা সাধারণ মানুষের একেবারে নাগালের মধ্যে এবং এটি একটি কার্যকর মাধ্যম।

“১৯৯৬ সালে ড. মহিউদ্দিন ফারুকের পরিবেশ দূষণ সংক্রান্ত মামলা দিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থের মামলার শুরু। সেই থেকে আমাদের (সুপ্রিম কোর্টের) বিচারিক পরিধি বাড়ানোর যাত্রা শুরু।”

বিচারপতি শেখ হাসান আরিফ বলেন, “ইদানিং দেখা যাচ্ছে জনস্বার্থের মামলা অনেক ক্ষেত্রেই প্রচারণার স্বার্থের মামলায় পরিণত হয়েছে। কিছু আইনজীবী নিজেদের প্রচারমাধ্যমে তুলে ধরতে বা নিজের প্রচারের জন্য জনস্বার্থের নাম করে আদালতের সামনে এসে হাজির হন।

“এ বিষয়গুলোর উচ্চ আদালতের বিচারকদের বিবেচনায় নেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে। এর ফলে প্রকৃত জনস্বার্থের মামলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর লাগাম টেনে ধরা দরকার।”

অনুষ্ঠানে উপস্থিত অনেক বিচারকই শেখ হাসান আরিফের এই বক্তব্যকে সমর্থন জানান।

মূল প্রবন্ধে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, জনস্বার্থের মামলা সুবিধাবঞ্চিত, প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করার পথ খুলে দেয়। এটি মানুষের মৌলিক অধিকারকে রক্ষা করে এবং সম্প্রসারিত করে।

“এটি সরকারকে একটি জবাবদিহিতার মধ্যে আনার পাশাপাশি নির্বাহী বিভাগের বাড়াবাড়ি রোধ করে সুশাসনকে এগিয়ে নিয়ে যায়। সর্বোপরি, এই আইনি প্রক্রিয়াটি বিচার বিভাগের প্রতি জনসাধারণের আস্থাকে দৃঢ় করেছে।”

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, “আমরা যখন কোনো বিষয়ে স্বতঃপ্রণোদিত আদেশ দেই, অনেকেই ভাবে যে, আমরা (উচ্চ আদালত) ওভার স্টেপিং করছি। আসলে তা না। তাদের বুঝতে হবে পরিস্থিতির প্রয়োজনেই আমরা স্বতঃপ্রণোদিত আদেশ দিয়ে থাকি।”

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, নারী শিশুসহ পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চি মানুষের মানবাধিকার রক্ষায় জনস্বার্থ মামলা (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন-পিআইএল) সহায়ক ভূমিকা রাখছে। শুধু তাই নয়, মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি জনস্বার্থের মামলা বিচার বিভাগকেও উন্নত করছে।

বিচারকের উদ্দেশে তিনি বলেন, “এ পদ্ধতি খুবই সমর্থনযোগ্য। তবে খেয়াল রাখতে হবে জনস্বার্থের বিষয়টি যেন বিচারকদের প্রভাবিত করতে না পারে এবং এক্ষেত্রে অতি উৎসাহ এড়িয়ে যাওয়া উচিৎ।”

বিচারকদের বিচারিক প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান জানান প্রধান বিচারপতি।