‘মুজিববর্ষ’ উদযাপনের সঙ্গী হচ্ছে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) বাংলাদেশের সঙ্গে যৌথভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে।
বুধবার সন্ধ্যায় গণভবনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, গত ২৫ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সংস্থার ৪০তম সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে সর্বসম্মতভাবে বাংলাদেশের সঙ্গে ‘মুজিববর্ষ’ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি জানান, ইউনেস্কো মহাসচিব অড্রে অজুলে এবং সাধারণ পরিষদের সভাপতি আল্টে সেনজিজারসহ বিভিন্ন কমিটি এবং কমিশনের চেয়ারপারসনরা পূর্ণাঙ্গ অধিবেশনে উপস্থিত ছিলেন।
জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত প্রস্তুতি সভায় জানানো হয়, ‘মুজিববর্ষ’-এর বছরব্যাপী জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধন হবে আগামী ১৭ মার্চ রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে।
সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “অনুষ্ঠান আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সম্পর্কযুক্ত হতে হবে। বঙ্গবন্ধু এই মাটির সন্তান, কাজেই এটা (অনুষ্ঠান) কোনো রংচটা অনুষ্ঠানে রূপ নিতে পারবে না।”
তিনি বলেন, “আমাদের সংস্কৃতিকে তুলে ধরাই আমাদের লক্ষ্য এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে নূর ভাই (আসাদুজ্জামান নূর) এবং লাকী ভাইকে (লিয়াকত আলী লাকী) দায়িত্ব দেওয়া হয়েছে (উদ্বোধনী অনুষ্ঠান সফল করার)।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে এই আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, আগামী ১৭ মার্চ বিকেল ৪টায় জাতীয় প্যারেড স্কয়ারে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনী বিভাগের ফ্লাইপাস্ট, একশ’ শিল্পীর অংশগ্রহণে যন্ত্রসঙ্গীত, বাংলা ও ইংরেজিতে থিম সং পরিবেশন, ৫৫ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেজার শো।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছোটকন্যা শেখ রেহানার হাতে ‘শ্রদ্ধা স্মারক’ তুলে দেওয়া হবে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। পরে প্রধানমন্ত্রী মুজিববর্ষের অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।
কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অনুষ্ঠানে বক্তৃতা করবেন বলে জানান তিনি।
সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার পর প্রধানমন্ত্রী ‘মুজিববর্ষ’র অনুষ্ঠানমালাকে সফল করে তুলতে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
বৈঠকে অন্যদের মধ্যে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও রফিকুল ইসলাম, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, গওহর রিজভী, তৌফিক-ই-এলাহী চৌধুরী ও সালমান এফ রহমান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম. আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
