দরপত্রে অনিয়ম: পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী গ্রেপ্তার
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রকল্পের দরপত্রে অনিয়মের মামলায় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইউনুছ শরীফকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার পটুয়াখালীর দুমকি বাজার থেকে প্রকৌশলী ইউনুছকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
ইউনুছ বাউফলের ইন্দ্রকুল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের দরপত্রে অনিয়মের মাধ্যমে ৫৩ লাখ ৫০ হাজার ৩৯০ টাকা আত্মসাতের অভিযোগে ইউনুছ শরীফকে আসামি করে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার মামলা করেন।
বাদী নিজেই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জানিয়ে প্রণব বলেন, তদন্ত কর্মকর্তার নেতৃত্বে এক অভিযানে ইউনুছ শরীফকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে আসামির বিরুদ্ধে অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের টিএসপি ভবন, একাডেমিক ভবন, নারী ও পুরুষ হল সম্প্রসারণসহ ছয়টি প্রকল্পকাজে দরপত্র মূল্যায়ন কমিটির অগোচরে দরদাতাদের সঠিকভাবে মূল্যায়ন না করে মিথ্যা ও ভুল হিসাবের মাধ্যমে জালিয়াতি এবং প্রতরণা করে সর্বনিম্ন দরদাতাদের কার্যাদেশ দেওয়া করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের ৫৩ লাখ ৫০ হাজার ৩৯০ টাকা ক্ষতিসাধন করে আত্মসাৎ করা হয় উল্লেখ করে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৭৭(ক) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।
২০১৬ সালের ২১ জুন থেকে ২০১৭ সালের ৩০ জুন সময়ে এই ঘটনা ঘটে।
