ডিজিটাল বাংলাদেশকে ‘শ্রদ্ধার চোখে’ দেখছে সিঙ্গাপুরও: জব্বার
বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কারণে পৃথিবীর অনেক দেশ বাংলাদেশের কাছে এগিয়ে যাওয়ার ‘মন্ত্র’ জানতে চায় বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘প্রগতিশীল রাজনৈতিক নেতৃত্বে শেখ হাসিনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মোস্তাফা জব্বার বলেন, “সিঙ্গাপুরের মতো দেশ এখন আমাদের দেশের ডিজিটালাইজেশন, সার্বিক রূপান্তরকে শ্রদ্ধার চোখে দেখে।
“পৃথিবীর বহুদেশ এখন আমাদের জিজ্ঞেস করে, শিখিয়ে দাও কীভাবে সামনের দিকে যেতে হয়। এই সামগ্রিক রূপান্তর শেখ হাসিনার কারণে।”
শেখ হাসিনার সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, “ছাত্রজীবন থেকেই শেখ হাসিনা সাধারণ জীবনযাপন করতেন।
“স্বাধীনতার সময় দেশ ছিল প্রযুক্তিতে পিছিয়ে। লাঙল-জোয়ালের দেশ থেকে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে প্রবেশ করেছে, এর সূচনা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। এ স্বপ্নটিও বঙ্গবন্ধুর কাছ থেকে আসা।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যহীন সমাজ গড়তে নানা উদ্যোগ গ্রহণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, “আগে ১ শতাংশও নারী শিক্ষার্থী ছিল না। এখন ৫৩ শতাংশ শিক্ষার্থী নারী। গত এক দশকে মানুষের মাথাপিছু আয় বেড়েছে চারগুণ।”
অগ্রগতির সূচকে পাকিস্তান থেকে বাংলাদেশ অনেক এগিয়ে আছে উল্লেখ করে মোস্তফা জব্বার বলেন, “আজ আপনাদের বলব পাকিস্তানের সঙ্গে এদেশের তুলনা করুন। তুলনা করে মূল্যায়ন করুন এদেশ নির্মাতারা আসামির কাঠগড়ায় নেই, ফুলের মালা পাবার যোগ্য তারা।
“পাকিস্তান এখন বাংলাদেশ হতে স্বপ্ন দেখে। পাকিস্তান প্রত্যেক সূচকে বাংলাদেশ থেকে পিছিয়ে আছে। পাকিস্তান কখনো ঘুরে দাঁড়ানোর মতো অবস্থায় আসবে না। পাকিস্তান মৌলবাদের পৃষ্ঠপোষকতা করছে অপরদিকে বাংলাদেশ প্রগতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, জঙ্গিবাদ দমন করেছে।”
বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী বলেন, “শেখ হাসিনাকে কাছ থেকে দেখেছি। বঙ্গবন্ধুর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তাদের রাজনীতিতে প্রগতিশীলতা দেখেছি।
“শেখ হাসিনার দৃষ্টি মহাকাশের দিকে। তার দৃষ্টিসীমা ১০০ বছর পরও আছে। তিনি দেশে প্রগতিশীলতার চরম উৎকর্ষতা ঘটিয়েছেন। তিনি আরও সামনের দিকে এগিয়ে তিনি কাজ করছেন। তার মধ্যে দূরদর্শিতা রয়েছে।”
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার বলেন, “দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে তিনি বিশ্ব দরবারে নিয়ে গেছেন।
“আগে বিভিন্ন উন্নত রাষ্ট্র বাংলাদেশকে চিনত না। এখন তারা বাংলাদেশকে শ্রদ্ধার চোখে দেখে।”
বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক মীজানুর রহমান বলেন, “প্রগতিশীলতার অন্যতম উপাদান বিজ্ঞানমনস্ক হওয়া। নিজস্ব সংস্কৃতি লালন করলে কেউ ধর্মান্ধ হবে না। প্রগতিশীলতা না থাকলে উন্নয়ন টেকসই হবে না।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, সাবেক সচিব মো. নাসির উদ্দিন আহমেদসহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য দেন।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিল্টন বিশ্বাস।
