ঢাকা মেডিকেলে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু
ডেঙ্গু প্রায় সারাদেশে ছড়িয়ে পড়ার মধ্যে এতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বেড়েছে।
সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিতা আক্তার (২৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ নিয়ে ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২৫ জন ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেলে।
রিতা ২৬ জুলাই থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন জানিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবস্থার অবনতির কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সোমবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
২৮ বছর বয়সী রিতা ময়মনসিংহের ত্রিশালে উপজেলার আউলিয়া পাড়া গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে।
হাসপাতালে থাকা তার ভগ্নিপতি মো. সোহেল সাংবাদিকদের জানান, গাজীপুর জেলার টঙ্গীর বিসিক এলাকায় থাকতেন রিতা।
সেখানেই একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
ঢাকা মেডিকেলের তালিকা অনুযায়ী, ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তির পর গত জুন মাসে একজনের মৃত্যু ঘটে, জুলাই মাসে এই পর্যন্ত মারা গেলেন ৬ জন।
ঢাকা মেডিকেলে মৃত রোগীদের মধ্যে এক নারী ফরিদপুরের; বাকিরা সবাই ঢাকার বাসিন্দা।
ঢাকা মেডিকেলের সহকারী পরিচালক (প্রশাসন) নাছির উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে ৫৯৩ জন ডেঙ্গু রোগী তাদের হাসপাতালে ভর্তি আছেন।
ডেঙ্গুতে এবার আটজনের মৃত্যুর খবর সরকারিভাবে বলা হলেও বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা ইতোমধ্যে ২৫ ছাড়িয়েছে।
তীব্র জ্বর, মাথা ব্যথা ও মাংসপেশিতে ব্যথা, শরীরে লালচে দানা ইত্যাদি ডেঙ্গু রোগের লক্ষণ হলেও এবার এর ব্যতিক্রম পাওয়া যাচ্ছে।
জ্বর হলে কাছের হাসপাতালে কিংবা চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তের পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে সরকার।
চিকিৎসকরা জ্বরে প্যারাসিটামল ছাড়া অন্য ব্যথানাশক ওষুধ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি রোগীকে বেশি বেশি তরল খাবার খাওয়াতে বলেছেন।
এবার ডেঙ্গুজ্বরে রক্তের ঘনত্ব কমে যাওয়ার লক্ষণ দেখা দেওয়ায় আক্রান্তের রক্তচাপ কমে যাচ্ছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে বলা হচ্ছে।
জ্বর ভালো হওয়ার পরও ডেঙ্গুজনিত মারাত্মক জটিলতা দেখা দিতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা।
এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় তা প্রতিরোধে বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখতে বলা হচ্ছে।
অফিস, ঘর ও আশপাশে যে কোনো পাত্রে (এসির ট্রে/ফুলের টব) জমে থাকা পানি তিন দিনের মধ্যে পরিবর্তন করতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায় বলে দিনে ঘুমানোর ক্ষেত্রেও মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
