ডিআইজি মিজানের ভাগ্নেকে জামিন নয় কেন: হাই কোর্ট
পুলিশের সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের ভাগ্নে এসআই মাহমুদুল হাসানকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
মাহমুদুল হাসানের জামিন আবেদনের ওপর শুনানি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ সোমবার এই রুল জারি করে।
সরকারকে দুই সপ্তাহের মধ্যে এই রুলের উত্তর দিতে বলা হয়েছে। পাশাপাশি মাহমুদুল হাসানের অর্থের উৎসও আদালত জানতে চেয়েছে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম বুদু। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
খুরশীদ আলম খান পরে সাংবাদিকদের বলেন, “তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেছেন হাই কোর্ট। তার অর্থের উৎসও আদালত জানতে চেয়েছেন। কারণ চাকরিতে যোগ দেওয়ার আগেই অনেক টাকা আছে বলে তিনি দেখিয়েছেন।”
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত ২৪ জুন দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় ডিআইজি মিজান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসানকে আসামি করা হয়।
আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
ডিআইজি মিজানের ভাগ্নে মাহমুদুল হাসান ২০১৭ সালের ২৬ অগাস্ট উপ-পরিদর্শক হিসেবে পুলিশের চাকরিতে যোগ দেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামি মিজানুর রহমান তার ভাগ্নে মাহমুদুল হাসানের নামে ২৪ লাখ ২১ হাজার ২২৫ টাকায় শুলশান-১ এর পুলিশ প্লাজা কনকর্ডে ২১১ বর্গফুট আয়তনের একটি দোকান বরাদ্দ নেন।
মিজান নিজে নমিনি (মনোনীত ব্যক্তি) হয়ে তার ভাগ্নে মাহমুদুল হাসানের নামে ২০১৩ সালের ২৫ নভেম্বর একটি ব্যাংকে ৩০ লাখ টাকা এফডিআর করেন। দুদক অনুসন্ধান শুরু করলে সেই টাকা ভাঙিয়ে সুদে আসলে ৩৮ লাখ ৮৮ হাজার ৫৭ টাকা তুলে ফেলা হয়।
মামলায় বলা হয়, মিজানুর রহমান তার স্ত্রী রত্নার নামে কাকরাইলে ১৭৭৬ বর্গফুটের একটি বাণিজ্যিক ফ্ল্যাট কিনে ২০১১ সালে চুক্তিনামা করে বিভিন্ন সময় ১ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার ৩৫০ টাকা নির্মাণকারী কোম্পানিকে পরিশোধ করেন। পরে ২০১৬ সালে ফ্ল্যাটটি ভাগ্নে মাহমুদুল হাসানের নামে রেজিস্ট্রি করেন।
মাহমুদুল হাসান গত ১ জুলাই এ মামলায় হাই কোর্টে আগাম জামিনের আবেদন করলে আদালত তাকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়।
সে অনুযায়ী গত ৪ জুলাই নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চান মাহমুদুল। আদালত তার ওই আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়ে দেন।
