পাজেরো চড়া তৃতীয় শ্রেণির সেই দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুটি পাজেরো গাড়ি দশ বছর ধরে অবৈধভাবে ব্যবহার করার অভিযোগে তৃতীয় শ্রেণির দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
বুধবার দুদকের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
পিডিবি ট্রেড ইউনিয়ন- সিবিএ’র সাবেক সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মিয়াকে মামলায় আসামি করা হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
গত ১৪ জুলাই এই মামলা দায়েরের অনুমোদন দেয় দুদক।
এর আগে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি তৃতীয় শ্রেণির এই দুই কর্মচারীর কবল থেকে পাজেরো গাড়ি দুটি উদ্ধার করে দুদক।
পিডিবির জরুরি প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের (ভিআইপি) জন্য গাড়ি দুটি ’স্ট্যান্ডবাই’ রাখার নিয়ম উল্লেখ করে মামলায় বলা হয়, “জহিরুল ইসলাম চৌধুরী নিজেকে ভিআইপি হিসেবে দাবি করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে পাজেরোটি (সিলেট-ঘ-০২-০০৩৩) ব্যবহার করেন।
“একইভাবে আলাউদ্দিন নিজেকে ভিআইপি দাবি করে একই সময়কালে অপর পাজেরো গাড়িটি (ঢাকা মেট্টো-ঘ-১১-২৮২৭) ব্যবহার করেন।”
ঘটনাটি সামনে আসার পর একে একটি ‘বড় অপরাধ’ হিসেবে চিহ্নিত করে দুদক।
দুদকের অভিযোগ, শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ‘প্রভাব খাটিয়ে’ গাড়ি দুটি প্রায় ১০ বছর পর্যন্ত অবৈধভাবে ব্যবহার করা হয়েছে।
মামলায় বলা হয়, “জহিরুল ও আলাউদ্দিন গাড়ির জ্বালানি, মেরামত ও সংরক্ষণ বাবদ সরকারের এক কোটি ১৫ লাখ ৬৩ হাজার টাকা ক্ষতিসাধনের মাধ্যমে আত্মসাৎ করেন।”
এসব অভিযোগে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয় বলে জানিয়েছেন প্রনব।
জহিরুল পিডিবিতে সর্বশেষ সহকারী হিসাব রক্ষক হিসেবে ২০১৮ সালে অবসরে যান; আর আলাউদ্দিন স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর হিসেবে ২০১৭ সালে অবসর নেন।
