২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফলে ফরমালিন খুঁজতে অভিযানে বিএসটিআই

রোজা সামনে রেখে বাজারে বিভিন্ন ফলে ফরমালিন বা অন্য কোনো দূষণ আছে কি না তা পরীক্ষা করে দেখতে শুরু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2019, 06:33 PM

Updated : 18 Aug 2022, 05:09 PM

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১ ও মিরপুর-১০ নম্বর এলাকার বিভিন্ন দোকান থেকে আপেল, মাল্টা, তরমুজ, আমসহ বিভিন্ন ফলের ২০টি নমুনার পরীক্ষা চালায় বিএসটিআই। অধিকতর পরীক্ষার জন্য খেজুরের নমুনা নিয়ে আসা হয় তাদের ল্যাবরেটরিতে।

তবে এসব নমুনা পরীক্ষায় কোনো ধরনের ফরমালিন বা দূষণ পাওয়া যায়নি বলে জানান বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরপুর-১০ নম্বরে আটটি ফলের দোকান ও মিরপুর -১ নম্বরে সুপারশপ এ জি-মার্ট, আগোরা সুপার সপ ও প্রিন্স বাজারে থেকে বিভিন্ন ফলের ২০টি নমুনা পরীক্ষা করা হয়। কোনো ফলেই ফরমালিন পাওয়া যায়নি। 

একই অভিযানে লাইসেন্স না নিয়ে পানি বিক্রি করায় ‘আরা ড্রিংকিং ওয়াটার’ নামের একটি খাবার পানি প্রস্তুত কোম্পানির পানি লাইন বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ধ্বংস করা হয় ১ হাজার ২৫০টি নোংরা পানির জার।

এদিকে খিলগাঁও ও যাত্রাবাড়ী এলাকায় বিএসটিআইয়ের পৃথক অভিযানে পরিমাপে অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে বিএসটিআই।

এসিআই ব্রান্ডের ৫০ কেজি চাউলের বস্তায় পরিমাপে ৬৬০ গ্রাম কম হওয়ায় খিলগাঁওয়ের মেসার্স তানিয়া এন্টারপ্রাইজের বিরুদ্ধে ওজন ও পরিমাপ আইনে মামলা হয়। মেসার্স রিজা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির বিস্কুট পণ্যের লেবেলে ওজন, মূল্য ও উৎপাদন তারিখ উল্লেখ না থাকায় একই আইনে মামলা হয়।

যাত্রাবাড়ীতে মেসার্স মিষ্টি মেলা-এর দই পণ্যের পাতিলে ওজন, মূল্য ও উৎপাদন তারিখ উল্লেখ না থাকায় এবং মেসার্স হাজী ফুডস সুইটস অ্যান্ড বেকারী ড্রাই কেক পণ্যের মোড়কে ওজন, মূল্য ও উৎপাদন তারিখ উল্লেখ না থাকায়ও মামলা দায়ের করা হয়।