২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরুষের পাশাপাশি কাজ করেই এগিয়ে গেছি: সাহিন আহমেদ

নারীদের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে তাদের চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ করে দিতে হবে বলে মনে করেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান সাহিন আহমেদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2019, 11:07 PM

Updated : 10 Oct 2022, 08:58 PM

ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে সাহিন আহমেদ এখন সচিব মর্যাদায় কর্মরত। সামাজিক আর কর্মজীবনে নানা প্রতিকূলতা পেরিয়েই সামনে এগিয়ে গেছেন তিনি।

আন্তর্জাতিক নারী দিবসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপে সাহিন আহমেদ জানালেন তার ‘চ্যালেঞ্জ’ মোকাবেলার গল্প।

“আমার লাইফটা খুব স্ট্রাগলের। পুরুষদের সাথে ফাইট করে করে সামনে এগোতে হয়েছে।”

১৯৮৬ সালে কুমিল্লায় উপজেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন সাহিন আহমেদ।

ওই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “তখন তো নারী খুবই কম ছিল আমাদের পেশায়। ওখানেও বিভিন্ন ধরনের বাধা আসত। রাতেও ঝুঁকিপূর্ণ কিছু হলে পুরুষ অফিসার এসে আমাকে ঘটনাস্থলে পাঠাত। কিন্তু সেসব তো করেছি।”

এই সরকারি কর্মকর্তার মতে, চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা নারীরও আছে। কিন্তু সেই সুযোগটা তাকে দিতে হবে। আর তাহলেই নারীর সার্বিক অগ্রগতি সম্ভব।

সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা সাহিন আহমেদ বলেন, নারীকে আগে মানুষ হিসেবে ভাবতে হবে সবার।

“নারী বা পুরুষ- আলাদাভাবে বিচার করা উচিত না। নারী একজন মানুষ। মানুষ হিসেবেই মূল্যায়ন করা উচিত।… নারী-পুরুষের সমতার সুযোগ দিতে হবে। সুযোগ দিলে সে চ্যালেঞ্জ নিতে পারবে।”

পাশাপাশি নারীদেরও নিজেদের জন্য সুযোগ তৈরি করে নেওয়ার কথা বলেন জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান।

তিনি বলেন, “কেউ কারও জন্য সুযোগ চাইবে না, সেটি তৈরি করে নিতে হবে। সততা, একাগ্রতা, যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে। তাহলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।”

ব্যক্তিগত জীবনচর্চা কর্মজীবনেও এগিয়ে যেতে সাহস যুগিয়েছে জানিয়ে সাহিন বলেন, “বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, সিভিল সার্জনের দায়িত্ব পালন করেছেন। আমাদের তিন বোন, চার ভাইকে তিনি সেভাবেই মানুষ করেছেন।

“কর্মজীবনে তো পুরুষের পাশাপাশিই কাজ করে গেছি। প্রয়োজনে প্রতিবাদও করেছি। কারণ সততা ছিল, এই গুণটা বাবা শিখিয়েছেন।”

সাহিন আহমেদের পৈত্রিক নিবাস নোয়াখালীতে হলেও বাবার সরকারি চাকরির কারণে তার জন্ম সাতক্ষীরায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর করা সাহিনের বিয়ে হয় ১৯৯১ সালে। তার স্বামী মনোয়ার আহমেদ বর্তমানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব।

দুই ছেলের জননী সাহিন আহমেদের বড় ছেলে বুয়েট থেকে স্নাতকোত্তর করেছেন। ছোট ছেলে পড়ছেন ঢাকার আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

সাহিনের সফলতার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন বাবা-মা। বিয়ের পরে স্বামী আর শ্বশুরবাড়ির সহযোগিতাও পেয়েছেন। আড়াই মাসের সন্তানকে শ্বশুরবাড়িতে রেখেই কুমিল্লায় কর্মস্থলে যোগ দিতে হয়েছিল তাকে।

“সবসময় সাপোর্ট দিয়ে গেছেন আমার স্বামী। তার আর শ্বশুরবাড়ির সাপোর্টের কারণেই ছোট বাচ্চাদের রেখে চাকরি করে যেতে পেরেছি।

“আসলে মেয়েরা যদি এই সময়টাতে সাপোর্ট না পায়, তাহলে এগিয়ে যেতে পারে না। অনেক মেয়েকে আমি নিজে দেখেছি বাচ্চাকে রাখার জন্য চাকরি ছেড়ে দিয়েছে, কারণ বাচ্চাটা কোথায় থাকবে? কার কাছে থাকবে?”

সন্তানের জন্য নারীদের চাকরি ছেড়ে দেওয়াকে সমর্থন করেন না সাহিন, যিনি একাধারে কর্মজীবী নারী, কন্যা, মা এবং স্ত্রী। বরং মাতৃত্বকালীন সময়ে নারীদের চাকরির জটিলতা নিরসনের তাগিদ দেন তিনি।

“বাচ্চার জন্য চাকরি ছাড়তে হবে কেন? ডে কেয়ার সেন্টারসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে করে সে কাজ করে যেতে পারে।”

২০১৭ সালের ২৮ মে থেকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন সাহিন আহমেদ।

আন্তর্জাতিক নারী দিবসে নারীদের উদ্দেশে তিনি বলেন, “যত বাধাই আসুক, নিজের জায়গা ছাড়া যাবে না। … সফলতার জন্য চ্যালেঞ্জিং কাজগুলো গ্রহণের মাধ্যমে নিজেকে প্রমাণ করা খুব জরুরি।”