২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুটিকে হত্যার পরও মুক্তিপণ চাইছিল তারা

শিশু হত্যার অভিযোগে দুজন গ্রেপ্তার হয়েছেন, যারা শিশুটিকে খুন করার পরও তার স্বজনদের কাছে মুক্তিপণ চেয়ে আসছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2019, 04:33 PM

Updated : 08 Apr 2022, 03:44 PM

নিখোঁজ হওয়ার তিন দিন পর রোববার সকালে জুবায়ের নামে সাত বছরের ওই শিশুটির বিকৃত লাশ উদ্ধার করা হয়।

জুবায়ের মানিকগঞ্জের সাটুরিয়া থানা এলাকার জালশুকা গ্রামের এক ফেরিওয়ালার ছেলে।

গ্রেপ্তার দুই যুবক হলেন ওই এলাকার পাহালি মল্লিকের ছেলে মইদুর রহমান (২১) এবং মৃত কুরবান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (২৪)।

স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র জুবায়ের গত ১৭ জানুয়ারি বাসার সামনে থেকে নিখোঁজ হয়। এরপর

থানা পুলিশে পাশাপাশি র‌্যাব-৪কেও জানায় শিশুটির পরিবার।

র‌্যাব-৪ এর কর্মকর্তা মেজর আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, শিশুটিকে অপহরণের পর তিন লাখ টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছিল।

মুক্তিপণ চাওয়ার সূত্র ধরে তদন্ত চালিয়ে গত শনিবার রাতে মইদুরকে গ্রেপ্তার করে র‌্যাব। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করা হয় উজ্জ্বলকে।

র‌্যাব কর্মকর্তা হালিম বলেন, “এই দুইজনের দেখানো মতে শিশু জুবায়েরের লাশ তার বাসার প্রায় দুইশ গজ পেছনে লেবু বাগানের ভেতর থেকে উদ্ধার করা হয়। লাশটি পুরোপু্রি বিকৃত হয়ে গিয়েছিল এবং শেয়াল-কুকুরে খেয়ে মাংসের টুকরা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল।”

তিনি বলেন, “খেলনা দেওয়ার কথা বলে তারা জুবায়েরকে নিয়ে যায় এবং গলা টিপে হত্যা করে। হত্যার পরেও তারা মুক্তিপণের জন্য টাকা দাবি করে আসছিল।”