নবনির্বাচিত সাংসদদের অভিনন্দন সাতক্ষীরা সমিতির
সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচন ‘সুষ্ঠুভাবে সম্পন্ন’ হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও নবনির্বাচিত সাংসদদের অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা।
সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির এক সভার উদ্ধৃতি দিয়ে শনিবার এক বিবৃতিতে বলা হয়, এবার নির্বাচনে সাতক্ষীরা জেলাসহ দেশের অধিকাংশ জায়গায় কোনো সহিংসতার ঘটনাই ঘটেনি, যা রাজনৈতিক পরিবেশের জন্য ইতিবাচক।
সমিতির সহ-সভাপতি ইকবাল মাসুদ ও সাধারণ সম্পাদক শহিদুল হক স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলা সাতক্ষীরাকে সম্ভাবনাময় উল্লেখ করে বলা হয়, সুন্দরবনের পাশের এই জেলা কৃষিক্ষেত্রের পাশাপাশি আম, চিংড়ি, মাছ, মধু, সন্দেশ ও দুধ উৎপাদন উল্লেখযোগ্য অবদানে রাখছে।
বিবৃতিতে এই জেলা থেকে একাধিক মন্ত্রী দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়।
এই প্রসঙ্গে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে আ ফ ম রুহুল হকের দায়িত্ব পালনকালে এমডিজি পুরস্কারসহ বহু আন্তর্জাতিক সম্মান অর্জনের কথা উল্লেখ করা হয়।
বিবৃতিতে রুহুল হককে আবার মন্ত্রী করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়।
