খালেদার নিরাপত্তা রক্ষীদের প্রধানকে রিমান্ডে পায়নি পুলিশ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) কমান্ডার অবসরপ্রাপ্ত কর্নেল তৌহিদুল ইসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়েও পায়নি পুলিশ।
রিমান্ডের আবেদন নাকচ করে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান।
কারাবন্দি খালেদার নিরাপত্তা বাহিনীর প্রধানকে গত ২৭ ডিসেম্বর ঢাকার এলিফ্যান্ট রোডের বাসা থেকে আটক করে পুলিশ। পরে শাহবাগ থানার গত ফেব্রুয়ারিতে করা একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
শনিবার তৌহিদকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে পাঁচ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা, যা প্রত্যাখ্যাত হয়েছে।
আদালতে শুনানিতে আসামি পক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিন বলেন, এই মামলার এজাহারে তৌহিদের নাম ছিল না। নির্বাচনকে সামনে রেখে হয়রানি করার জন্য ১১ মাস আগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার পর ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এই মামলাটি করা হয়।
