২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুদৃঢ় নিরাপত্তায় ভোট দেবে দেশবাসী: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রোববার একাদশ সংসদ নির্বাচনে দেশবাসী নির্বিঘ্নে সুদৃঢ় নিরাপত্তার মধ্যে ভোট দেবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2018, 08:25 PM

Updated : 19 Aug 2022, 03:06 PM

শনিবার সন্ধ্যায় তেজগাঁওয়ের মনিপুরে নিজের বাসায় সাংবাদিকদের এই কথা বলেন।

ঐক্যফ্রন্টের নামে বিএনপি-জামায়াত জোট অস্থিতিরতা তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “১ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ৫৫ জেলায় তারা হামলা চালিয়েছে।

“বিএনপি-জামায়াতের হামলায় ছয়জন আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হয়েছেন, আহত হন ৪৪৫ জন।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপি-জামায়াতের ক্যাডাররা সারাদেশে আওয়ামী লীগের ১৮৭টি নির্বাচনী অফিস, আওয়ামী লীগ কার্যালয়, বাড়িঘর ও শোভাযাত্রায় হামলা চালিয়েছে।

এপর্যন্ত দেশের পাঁচটি স্থানে পুলিশের উপর হামলা হয়েছে বলেও জানান তিনি।

বিএনপি-জামায়াত জোট নির্বাচন থেকে সরে যাওয়ার গুজব ছড়াতে পারে উল্লেখ করে মন্ত্রী গুজবে বিশ্বাস না করে ভোটকেন্দ্রে নিরাপদ পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান।