ইউনুছ সিরাজ একজন প্রতারক: ভূমি মন্ত্রণালয়
মো. ইউনুছ সিরাজ নামে এক ব্যক্তি ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করছেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
কথিত সেই ইউনুছের একটি ছবি এবং অভিযোগের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞিপ্তি বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠিয়ে বলা হয়েছে, ওই ব্যক্তি যাতে সচিবালয়ে প্রবেশ করতে না পারেন সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি ইউনুছ সিরাজ নামে জনৈক ব্যক্তি ভূমি মন্ত্রণালয়ের প্রটোকল অফিসার বা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট এই রকম পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছেন এমন অভিযোগ রয়েছে।
“ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো হয়েছে, মো. ইউনুছ সিরাজ নামে কোনো ব্যক্তি কোনোভাবেই ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নন।”
ইউনুছ সিরাজকে ‘প্রতারক’ আখ্যায়িত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনুছের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে গত ১৮ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয়ের প্রশাসন-১ অধিশাখা একটি আদেশ জারি করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ এবং ভূমি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সব প্রতিষ্ঠানে ওই আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
ইউনুছ সিরাজ ভূমি মন্ত্রণালয়ের নাম ভাঙিয়ে কোথাও প্রতারণার আশ্রয় নিলে ০১৭২০৮০৪৫৫২, ০১৭৯৭৫৪৪২৪৬ এবং ০১৫৫২৪৬৯১৯৫ নম্বরে যোগাযোগ করে তা জানাতে অনুরোধ করা হয়েছে।
